বিশ্বের সবচেয়ে দ্রুতগতির লিফট

চীনের গোয়াংজুতে একটি বহুতল অট্টালিকায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির লিফট নির্মাণ করার কথা জানিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচি। হিটাচির দাবি, এই ভবনে লিফটটি ঘণ্টায় ৭২ কিলোমিটার বা ৪৫ মাইল গতিতে ওঠানামা করতে সক্ষম হবে। প্রযুক্তি পণ্যের পাশাপাশি লিফটও তৈরি করে হিটাচি। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
হিটাচি কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়াংজুর সিটিএফ ফিন্যান্সিয়াল সেন্টারে নির্মিতব্য ভবনটির লিফটিতে একতলা থেকে ৯৫ তলা পর্যন্ত যেতে মাত্র ৪৩ সেকেন্ড সময় লাগবে। ২০১৬ সাল নাগাদ এই বহুতল ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত দ্রুতগতির লিফটের রেকর্ড ধরে রেখেছে তাইওয়ানের তাইপে১০১ ভবনটির লিফট। এটি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ওঠানামা করতে পারে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে খ্যাত দুবাইতে বুর্জ খলিফাতে যে লিফট রয়েছে তা প্রতি মিনিটে ৬০০ মিটার পর্যন্ত ওঠানামা করতে পারে।
হিটাচি দাবি করেছে, তাদের তৈরি লিফটি দ্রুতগতিসম্পন্ন হলেও এটি আরামদায়ক হবে। সাধারণত দ্রুতগতির লিফটে উঠলে যে যন্ত্রণা বা অস্বস্তি লাগে হিটাচির এই লিফটে তা হবে না।গোয়াংজুর সিটিএফ ফিন্যান্সিয়াল সেন্টারের বহুতল ভবনটিতে মোট ৯৫টি লিফট থাকবে যার মধ্যে দুটি লিফট দ্রুতগতিতে ওঠানামা করার কাজে ব্যবহূত হবে। এই ভবনটি মূলত অফিস, হোটেল বা আবাসিক ভবন হিসেবেই ব্যবহূত হবে।