বিশ্বের ৮০ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন

বিশ্বজুড়ে যাঁরা ইন্টারনেট ব্যবহার করছেন, তাঁদের প্রায় ৮০ শতাংশের হাতে নিজস্ব স্মার্টফোন ও ৫০ শতাংশ মানুষের কাছে ট্যাব রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ওয়েব ইনডেস্ক তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আইএএনএসের।
গ্লোবাল ওয়েব ইনডেস্কের তথ্য অনুযায়ী, প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীই তাঁদের নিজস্ব ফোন থেকে ইন্টারনেট ব্রাউজ করেন। সর্বশেষ গত মাসেই ৭৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী তাঁদের মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের কথা জানিয়েছেন। ২০১১ সালে মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজিংয়ের এই হার ছিল মাত্র ৪৯ শতাংশ। গড়ে প্রতিদিন মোবাইল ফোন থেকে একজন ব্যবহারকারী ১.৮৫ ঘণ্টা ইন্টারনেট ব্রাউজিং করেন। ২০১২ সালে মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজিং হতো গড়ে ১.২৪ ঘণ্টা।
প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোনের তুলনায় ট্যাবলেট থেকে ইন্টারনেট ব্রাউজিং কম করা হয়। ট্যাবলেট থেকে শতকরা ৩৭ শতাংশ ব্যবহারকারী ইন্টারনেটে যান। তবে ২০১১ সালের তুলনায় সম্প্রতি ট্যাবলেট থেকে ইন্টারনেট ব্রাউজিং করার হার অনেক বেড়েছে। ২০১১ সালে মাত্র ৮ শতাংশ ব্যবহারকারী ট্যাব থেকে ইন্টারনেট ব্যবহার করতেন।
স্মার্টফোন ও ট্যাব থেকে বেশি ইন্টারনেট ব্যবহারকারীদের বয়স ২৫ থেকে ৩৪-এর মধ্যে।
অ্যাপ্লিকেশনের মধ্যে গেমিং অ্যাপগুলো বেশি জনপ্রিয়, যদিও এ ধরনের অ্যাপ ডাউনলোড বেশি হলেও তার ব্যবহার তুলামূলকভাবে কম।