বিসিএস ও সিসা একসঙ্গে কাজ করবে
তাইওয়ানের ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিসা) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) নিবিড়ভাবে কাজ করবে৷ পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে তাইওয়ানের বিনিয়োগকে উৎসাহিত করবে দুই দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের এ দুই সংগঠন৷ গত বুধবার তাইপেতে সিসার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভায় এ ঘোষণা দেওয়া হয়৷ সভায় বিসিএসের মহাসচিব নজরুল ইসলামের নেতৃত্বে বিসিএস প্রতিনিধিদল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অবস্থা তুলে ধরে৷ সভায় সিসার চেয়ারম্যান ইভুনি চিউয়ের নেতৃত্বে একটি দল উপস্থিত ছিল৷ বিসিএস প্রতিনিধিদলে আরও ছিলেন মো. মনিরুল ইসলাম, মো. হামিদুল্লাহ খান ও নাজমুল হক৷ এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক উডি অং।
এদিকে তাইপেতে ৩ জুন থেকে শুরু হওয়া কম্পিউটেক্স তাইপে-২০১৪ মেলায় বাংলাদেশ কম্পিউটার সমিতির ২৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে৷ এই মেলা আজ শেষ হচ্ছে৷ —বিজ্ঞপ্তি