বিসিএস কম্পিউটার সিটিতে অ্যাপল শোরুম

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে যাত্রা শুরু করেছে অ্যাপল অথরাইজড স্টোর। বাংলাদেশের অ্যাপল পণ্যের প্রিমিয়াম রিসেলার ‘এক্সিকিউটিভ ম্যাশিনস লিমিটেড’ সম্প্রতি এ স্টোরের উদ্বোধন করেছে। মেঘনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এক্সিকিউটিভ ম্যাশিনস (ইএমএল) ২০০৯ সালে অ্যাপল প্রিমিয়ার রিসেলার হিসেবে যাত্রা শুরু করে।
স্টোরে রয়েছে অ্যাপল ও থার্ড পার্টি এক্সেসরিজের সংগ্রহ। অ্যাপলের সব ধরনের ল্যাপটপ (ম্যাকবুক, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার), ডেস্কটপ (আইম্যাক, ম্যাক মিনি, ম্যাক প্রো), আইপ্যাড (আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি) ও অ্যাপলের নানা পণ্য এখানে পাওয়া যাবে। এ ছাড়াও সফটওয়্যার ও হার্ডওয়্যার বিষয়ক বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে এখানে।
এক্সিকিউটিভ ম্যাশিনস লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই আউটলেট উদ্বোধন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত মূল্যছাড়ের সুযোগ থাকছে। যেকোনো থার্ড পার্টি এক্সেসরিজের ওপর ১৫ শতাংশ, অ্যাপল সিপিও ও অ্যাপল এক্সেসরিজের ওপর ৫ শতাংশ এবং যেকোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ ক্রয়ের ক্ষেত্রে থার্ড পার্টি এক্সেসরিজের ওপর ২০ শতাংশ মূল্যছাড়। আউটলেটের বিক্রয় প্রতিনিধি থেকে শুরু করে সার্ভিস ইঞ্জিনিয়াররা সবাই অ্যাপল সার্টিফায়েড।
বিসিএস কম্পিউটার সিটির গ্রাউন্ড ফ্লোরে এই স্টোরের উদ্বোধন করেন এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের পরিচালক আবদুল মতিন।