বিসিএস কম্পিউটার সিটির মেলা শুরু

ঢাকার আগারগাঁওয়ের কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে ‘সিটিআইটি ২০১৬’ নামে আজ সোমবার থেকে শুরু হয়েছে প্রযুক্তি মেলা। ‘ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার’ স্লোগানে মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। মেলায় ১৬৫টি স্থায়ী প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে।
আজ সোমবার মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জব্বার।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, কুইজ এবং রক্তদান কর্মসূচি। দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ প্রদর্শনী। শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে। প্রতিদিন প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেবে আয়োজকেরা।