বিসিএসের মেলা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত পাঁচ দিনের তথ্যপ্রযুক্তি মেলারশেষ দিন আজ শনিবার। গত চার দিনে নানা বয়সের দর্শকের উপস্থিতিতে জমে উঠেছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড নামের এই মেলা। কেউ নিজের পছন্দের প্রযুক্তিপণ্যটি কিনে নিচ্ছেন। আবার নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে নিজেকে পরিচিত করে নিচ্ছেন কেউ কেউ। গেমিং জোনে ভিড় জমাচ্ছেন গেমার আর গেমপ্রিয় ব্যক্তিরা। আর বিনা মূল্যে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারের সুযোগ হাতছাড়া করেননি অনেকে। এ রকম নানা আয়োজনে মেলা প্রাঙ্গণে এখন বেশ ব্যস্ততা। মেলার তৃতীয় দিন বৃহস্পতিবার ‘ডিজিটাল বাংলাদেশের চার বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। এতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন ও বিজনেস প্রমোশন কাউন্সিলর (বিপিসি) সমন্বয়কারী খায়েরুজ্জামান মজুমদার ও বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার। বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে প্রতিবন্ধকতা ও উত্তরণের নানা বিষয়ে কথা বলেন।মেলায় এসব আয়োজনের পাশাপাশি আছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যা ফেল ড্র। প্রতিটি প্রতিষ্ঠান মেলা উপলক্ষে দিচ্ছে ছাড় ও নানা উপহার। কিউবির মডেম কিনলে পাওয়া যাবে টারটেল ব্যাগ। ফ্লোরা লিমিটেড থেকে নিকনের এসএলআর ক্যামেরা কিনলে চার গিগাবাইট মেমোরি কার্ড ও একটি ব্যাগ পাওয়া যাচ্ছে। স্যাটকম আইসেন্টার স্টলে অ্যাপলের যেকোনো পণ্যে নগদ ছাড় দেওয়া হচ্ছে। হিটাচির নির্দিষ্ট মডেলের প্রজেক্টর কিনলে সঙ্গে পর্দা ফ্রি পাওয়া যাবে।কাজে লাগবে, এমন অনেক সফটওয়্যারও পাওয়া যাচ্ছে মেলায়। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কে শিশুদের মজা করে বর্ণমালা, ইংরেজি ও গণিত শেখানোর জন্য আছে বিশেষ সফটওয়্যার। বিডিকমে আছে মোবাইল ব্যাংকিং নিয়ে একটি সফটওয়্যার। এটি ব্যবহার করে ইন্টারনেট ও এটিএম বুথ ব্যবহার করে টাকা তোলা ও মোবাইলে রিচার্জ করা যাবে। তবে এটি এখনো বাজারজাত করা হয়নি। বিজয় ল্যাপটপের সঙ্গে ফ্রি পাওয়া যাবে বাচ্চাদের উপযোগী বেশ কয়েকটি সফটওয়্যার সিডি। মেলায় আসা মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাজীব দাস বলে, ‘নতুন ট্যাব ও ল্যাপটপ কম্পিউটার দেখতেই মেলায় এসেছি।’মেলা আজও সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশের টিকিটের দাম ২০ টাকা। শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলার মূল পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং আর পৃষ্ঠপোষক হিটাচি। —জিয়াউর রহমান চৌধুরী