
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার মাত্র ৭ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। পাস করেছে প্রায় ৯৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। গতকাল শনিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকািশত হয়েছে৷
এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ২২ হাজার ৩১৩৷ পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বিবেচনায় এত ভালো ফল কখনোই হয়নি৷
তবে এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়লেও মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই ন্যূনতম পাস নম্বর অর্জন করতে পারছেন না৷
ফল বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান প্রশ্নপদ্ধতিতে বেশি নম্বর পাওয়ার সুযোগ রয়েছে। প্রশ্নপদ্ধতির কারণেই কঠিন বিষয়গুলোতে সহজে পাস নম্বর পাচ্ছে পরীক্ষার্থীরা। এ ছাড়া আগের চেয়ে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা ও সচেতনতা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তরপত্রে শিক্ষকদের বেশি নম্বর দেওয়ার প্রবণতা। এবারের প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল বলেও জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষক, শিক্ষক ও অভিভাবকদের কয়েকজন।
পাসের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মান কতটা বেড়েছে, সেই প্রশ্নে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন ‘মান বাড়েনি, এটা ঠিক নয়। প্রতিবছরই মান বাড়ছে৷ তবে আমরা যে মানে পৌঁছাতে চাই, সেটা হয়তো হয়নি।’
এসএসসিতে এবার গড় পাসের হার ৯২ দশমিক ৬৭ শতাংশ, গতবার তা ছিল ৮৯ দশমিক ৭২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৮৭ হাজার ৮৭০ জন। এর মধ্যে পাস করেছে ১০ লাখ আট হাজার ১৭৪।
এত ভালো ফলের কারণ জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, বর্তমানে যে প্রশ্নপদ্ধতি তাতে শিক্ষার্থীরা বেশি নম্বর পায়। যেমন আগে ইংরেজি ছিল সাহিত্যনির্ভর, এখন তা কমিউনিকেটিভ হয়েছে। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে আলাদা আলাদা অংশ থাকায় যে অংশটুকুর উত্তর দেওয়া হয়, তার ভিত্তিতে নম্বর দিতে হয়। দক্ষতাভিত্তিক এই মূল্যায়ন ব্যবস্থায় ভালো করছে শিক্ষার্থীরা।
কঠিন বিষয় হিসেবে পরিচিত গণিত প্রসঙ্গে আমিরুল আলম বলেন, আগে সামান্য ভুল হলেই একটি অঙ্কে শূন্য নম্বর দেওয়া হতো। এখন যতটুকু সঠিক হবে ততটুকুরই নম্বর দিতে হয়। এর ফলে অঙ্কেও ভালো করছে শিক্ষার্থীরা।
চেয়ারম্যানের এই কথার মিল পাওয়া যায় শিক্ষা বোর্ডগুলোর বিষয়ভিত্তিক নম্বর বিশ্লেষণ করলে। ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়নের নম্বর বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি বিষয়েই শিক্ষার্থীরা ভালো করেছে। এসব বিষয়ে শিক্ষার্থীদের গড় নম্বর মোট পাসের হারের চেয়েও বেশি। যেমন ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯৮ দশমিক ৮৮ ও রাজশাহীতে ৯৯ দশমিক ৪৩ শতাংশ। অন্য বোর্ডগুলোতেও এই দুটি বিষয়ে পাসের হার প্রায় একই রকম। গণিতে পাসের হারও ৯৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে। পদার্থ ও রসায়নেও পাসের হার সব বোর্ডে ৯৭ শতাংশ থেকে ৯৯ শতাংশের মধ্যে।
এবার ২১টি বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে। তুলনামূলকভাবে এগুলোতে ভালো ফল করেছে শিক্ষার্থীরা। আর সৃজনশীলের প্রশ্ন সব বোর্ডে অভিন্ন৷ ফলে বোর্ডগুলোর গড় পাসের হারও প্রায় কাছাকাছি৷
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, মূলত সৃজনশীলের কারণেই শিক্ষার্থীরা ভালো করছে।
তবে শুধু ওই পদ্ধতির কারণেই তারা নম্বর পাচ্ছে এমনটি নয়। একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন শিক্ষকেরাও বেশি নম্বর দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর নামী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, এখন পরীক্ষকেরা খাতা দেখেন অনেকটা উদারভাবে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন করতে হয় বিধায় তাঁরা ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। পরীক্ষার প্রশ্নও হয় তুলনামূলক সহজ। নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন পরীক্ষার হলে অনেকে কোনো না কোনোভাবে ঠিক করে নেয়।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, এমপিওভুক্তি (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) টিকিয়ে রাখার কারণে গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে একধরনের ‘সমঝোতা’ হয়। এ কারণে এক প্রতিষ্ঠানের পরীক্ষা আরেক প্রতিষ্ঠানে হলেও সমঝোতার কারণেই শিক্ষার্থীদের পরীক্ষার হলে সহায়তা করা হয়৷
এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এক প্রতিষ্ঠানের পরীক্ষা অন্য প্রতিষ্ঠানে হওয়ার ফলে এ ধরনের সহায়তার সুযোগ নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আনুষ্ঠানিকভাবে গতকাল বেলা দুইটায় ফল প্রকাশ করা হয়। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন আমাদের শিক্ষার্থীরা মেধাবী এবং নূ্যনতম সুযোগ–সুবিধা পেলে তারা ভালো করতে পারে৷
এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী। সার্বিক ফল মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা প্রমাণ হয়েছে এবারের ফলাফলের মাধ্যমে। উল্লেখ্য, মাদ্রাসা ও কারিগিরসহ ১০ বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন।
আট বোর্ডের পাসের হার বিবেচনায় এবারে সেরা হয়েছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ। আর তুলনামূলক কম পাসের হার সিলেট বোর্ডে, ৮৯ দশমিক ২৩ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৯৪, কুমিল্লায় ৮৯ দশমিক ৯২, যশোরে ৯২ দশমিক ১৯, চট্টগ্রামে ৯১ দশমিক ৪০, বরিশালে ৯০ দশমিক ৬৬ এবং দিনাজপুর বোর্ডে ৯৩ দশমিক ২৬ শতাংশ।
এবার সারা দেশে ছয় হাজার ২১০টি স্কুল থেকে সব শিক্ষার্থী পাস করেছে। তবে ২৪টি স্কুল থেকে একজনও পাস করেনি।
গ্রুপভিত্তিক ফল পর্যালোচনায় দেখা যায়, এবার বিজ্ঞানের পরীক্ষার্থী ভালো করেছে। বিজ্ঞানে ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর পরেই আছে ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীরা। এই গ্রুপে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৬ শতাংশ। সবচেয়ে পিছিয়ে আছে মানবিক শাখার পরীক্ষার্থীরা। এই শাখায় ৮৯ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এদিকে ১০ বোর্ডের ফলাফলে দেখা যায়, ছাত্ররা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯১ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ৮১ শতাংশ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ হাজার ৫৫১ জন এবং ছাত্রীদের মধ্যে এই সংখ্যা ৬৪ হাজার ৭২৫ জন।