বিড়লার বিজ্ঞানীদের ক্ষুদ্রতম অ্যান্টেনা উদ্ভাবন
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির অ্যান্টেনা উদ্ভাবনের দাবি করেছেন ভারতের গবেষকেরা। আলট্রা-ওয়াইডব্যান্ড (ইউডব্লিউবি) প্ল্যানার প্রযুক্তির এই ক্ষুদ্রাকৃতির অ্যান্টেনা ব্যবহার করে তথ্য সংগ্রহ ও অ্যাপ্লিকেশন নজরদারি করা যায়। আলট্রা-ওয়াইডব্যান্ড হচ্ছে এক ধরনের রেডিও টেকনোলজি যা কম শক্তিতেই স্বল্প দূরত্বের মধ্যে দ্রুতগতির ব্যান্ডউইথ দিতে পারে।ভারতের মেসরার বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলোজি’র গবেষকেরা অ্যান্টেনাটি উদ্ভাবন করেছেন। গবেষকেরা জানিয়েছেন, আলট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তির এ অ্যান্টেনাটির উচ্চতা ১১ মিলিমিটার। এটির প্রস্থে ১৪ মিলিমিটার। এ অ্যান্টেনা তারবিহীন যোগাযোগে উচ্চ গতির ব্যান্ডউইথ দিতে সক্ষম। গবেষকেরা জানিয়েছেন, ক্ষুদ্রাকৃতির এ অ্যান্টেনা প্রযুক্তিটি তারবিহীন যোগাযোগ পদ্ধতিতে দ্রুত গতিতে তথ্য স্থানান্তরে সাহায্য করবে। এ ধরনের ক্ষুদ্র অ্যান্টেনা ব্যবহারের ফলে মানুষ তারের ব্যবহার থেকে মুক্তি পাবে।গবেষকেরা কম খরচের এ ধরনের ক্ষুদ্র অ্যান্টেনা প্রযুক্তির উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।