
বিয়ে তো করেছেন ধুমধাম করেই, সংসারও করছেন আনন্দেই। তবে বিয়ের ছবি পাঠিয়ে পেয়ে যাবেন বেড়াতে যাওয়ার সুযোগ, এ কথাও কি তাঁরা ভেবেছিলেন? পুরস্কারটা অপ্রত্যাশিত বলেই হয়তো আনন্দের মাত্রাও বেশি।
আর পয়লা বৈশাখের আগ দিয়ে একটি ফ্যাশন হাউসের গিফট ভাউচার পেয়ে যাওয়ার আনন্দও কী কম! উৎসবের আনন্দ তো বেড়ে গেল অনেক!
১২ এপ্রিল রাজধানীর একটি হোটেলে হয়ে গেল পন্ডস নিবেদিত নকশা বিয়ে উৎসবের ‘আমাদের ছবিই সেরা’ এবং ‘বিয়ের শাড়ি দেশি’ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিয়ের ছবি পাঠিয়ে এবং বিয়েতে দেশি শাড়ি পরার অনুভূতির কথা লিখে প্রতিযোগীরা জিতে নেন নানা পুরস্কার।

‘আমাদের ছবিই সেরা’ বিভাগে প্রতিযোগী দম্পতিরা তাঁদের বিয়ের যেকোনো অনুষ্ঠানে তোলা একটি ছবি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রাথমিকভাবে আলোকচিত্রী আবীর আবদুল্লাহ ও কবির হোসেন এবং রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন সেরা ছবি বাছাই করেন। এরপর আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও অভিনয়শিল্পী ইরেশ যাকেরের বিচারে এবং অনলাইন ভোটে তিন জোড়া দম্পতিকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
বিয়ের ছবি পাঠিয়ে দ্বিতীয় স্থান অধিকারী চমন-সুফিয়ান দম্পতির কাছে পুরস্কার পাওয়ার অনুভূতি জানতে চাইলে দুজনই বলেন, বিয়ের ছবি তুলেও কোনো দিন কোনো পুরস্কার জিতব তা কখনোই ভাবিনি।
‘বিয়ের শাড়ি দেশি’ শীর্ষক লেখার প্রতিযোগিতারও তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। যাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন দেশি শাড়ি পরে বা বিয়েতে দেশিশাড়ি পরবেন—তাঁরা লিখে পাঠিয়েছিলেন অনুভূতির কথা। বিচারক ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক শাহনাজ মুন্নী এবং নিত্য উপহারের উদ্যোক্তা ও ডিজাইনার বাহার রহমান।
এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী আফসানা নাসরিন পুরস্কার গ্রহণের পর তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে চাইছিলেন জর্জেট শাড়ি দিতে, অন্য দিকে বাবার বাড়ির লোকদের পছন্দ দেশের ঐতিহ্যবাহী শাড়ি। নতুন জীবনের শুরুতে দুই পক্ষের মন রাখতেই আমি বুদ্ধি করে বেছে নিই জামদানি শাড়ি। কারণ, এটি যেমন ঐতিহ্যবাহী তেমনি আধুনিক।
‘আমাদের ছবি সেরা’ বিভাগে সেরা বিজয়ী নির্বাচিত হয়েছেন দম্পতি মুহম্মদ ইমরান ও তাহামিনা পারভীন। তাঁরা পেয়েছেন শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় সেরা নির্বাচিত হয়েছেন যথাক্রমে চমন আফরোজ ও মো. আবু সুফিয়ান এবং শুভজিত কুমার শীল ও সুপ্তি সোম দম্পতি।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাচ্ছেন যথাক্রমে নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ।
‘বিয়ের শাড়ি দেশি’ বিভাগে প্রথম হয়েছেন আফরোজা নাসরিন, দ্বিতীয় নেলী সিনডী পাড়ৈ ও তৃতীয় নুসরাত রাইসা আলী। তাঁরা পাচ্ছেন যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার গিফট ভাউচার।