বিয়ের সেকাল-একাল (ওয়েডিং ফটোগ্রাফি ভার্সন)

সেকালে
বর-কনেকে পাশাপাশি বসতে বলতেন কাজি। বর তখন কোনোরকমে মুখে রুমাল চেপে লজ্জায় লাল হয়ে যাওয়া কনের পাশে বসে থাকত আড়ষ্টভাবে। কনে হাজার চেষ্টায়ও লজ্জা কাটিয়ে মুখ তুলতে পারত না। কাজি ‘কবুল’ বলতে বললেও কনে লজ্জায় কবুল বলতে পারত না। বর মুখে রুমাল দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। অনেক চেষ্টার পর কনে হয়তো মুখ খুলত—কবুল!
বিয়েতে বিভিন্ন কারণে দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। দেখা যেত, বরপক্ষের এক ছেলে কনেপক্ষের এক মুরব্বির গায়ে ভুলে ধাক্কা দিয়ে দিল, লেগে গেল ঝগড়া। কিংবা বরপক্ষের কোনো দুষ্টু ছেলে কনেপক্ষের কোনো মেয়েকে বিরক্ত করছে কিছুক্ষণ পরপরই, লেগে গেল ঝগড়া!
বিয়ের দাওয়াত পেলে সবাই খুশি হতো। বিশাল এক উৎসবের উপলক্ষ যেন। অনেক দিন পর সব আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে তুমুল। মজার মজার খাবারদাবারের বিষয়টা তো আছেই।
বিয়ের অনুষ্ঠানের শেষ দিকে এক আবেগঘন পরিবেশ বিরাজ করত। চারদিকে থমথমে আবহাওয়া। যেকোনো মুহূর্তে কনের চোখ বেয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মাঝে মাঝে কনের কান্না দেখে অতি আবেগী বরও হয়তো কেঁদে ফেলত ভ্যাঁ করে।
একালে
ওয়েডিং ফটোগ্রাফাররা এসে বর-কনেকে পাশাপাশি এসে বসতে বলে। বর একেবারে ঘেঁষাঘেঁষি করে বসে কনের পাশে। তারপর ফটোগ্রাফার বরকে কনের দিকে তাকাতে বলে আর কনেকে বলে লজ্জা মাখানো একটা হাসি দিতে। কিন্তু হাজার চেষ্টা করেও কনে কিছুতেই ফটোগ্রাফার যেমন করে লজ্জা পেতে বলে, তেমন করে লজ্জা পেয়ে হাসতে পারে না। সেই কাঙ্ক্ষিত লজ্জার পোজ পাওয়া যায় অনেক চেষ্টাচরিত্র করার পর।
বিভিন্ন কারণে বিয়েতে এখনো ঝগড়া-বিবাদ হয়। ফটোগ্রাফার হয়তো ছবি তুলছিল কনেপক্ষের লোকজনের, এমন সময় বরপক্ষের এক ছেলে এসে ফটোগ্রাফারকে টেনে নিয়ে গেল, ব্যস লেগে গেল ঝগড়া!
এখনো বিয়ের দাওয়াত মানেই আনন্দ। বিশাল এক উৎসবের উপলক্ষ যেন। অনেক দিন পর বেশ কিছু সেলফি তোলা যাবে। আর ওয়েডিং ফটোগ্রাফার তো আছেই। সব আত্মীয়স্বজনের সঙ্গে দেখাও হবে। সবার সঙ্গে সেলফি তোলা যাবে। বর আর কনের সঙ্গে একটা ডাকফেসে সেলফি না তুললে তো চলবেই না!
বিয়ের অনুষ্ঠানের শেষ দিকে এসেও পরিবেশ থাকে আমুদে। কনে খুবই সাবধানে তার মেকআপের দিকে খেয়াল রাখে। কোনোমতেই কান্নাকাটি করা যাবে না, ফটোগ্রাফারের কড়া নির্দেশ। কারণ, কান্নাকাটি করলে মেকআপ নষ্ট হয়ে যাবে, ছবি ভালো আসবে না।