বীরগঞ্জে প্রতিটি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্রই অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বরাদ্দের টাকা সময়মতো বিতরণ করা হয়েছে।কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের তিন মাস পরও বীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র (ইউআইসি) চালু হয়নি। ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ বা তথ্যকেন্দ্রের সুবিধা কোনোটাই কাজে লাগছে না। গত মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের একজন কর্মকর্তা বীরগঞ্জ ও কাহারোল উপজেলার দুটি ইউপি কার্যালয় পরিদর্শন করে তথ্যকেন্দ্র বন্ধ দেখে অসন্তোষ প্রকাশ করেন। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ জানান, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে তথ্যকেন্দ্র স্থাপনের জন্য গত বছরের ৭ নভেম্বর প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে এক লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদে তথ্যসেবাকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এক লাখ টাকা দিয়ে একটি করে কম্পিউটার, গ্রামীণফোনের সংযোগসহ মডেম, ইউপিএস, প্রিন্টার, ওয়েবক্যাম, টেবিল ও চেয়ার, হোয়াইট বোর্ড, সাইন বোর্ড, ডিজিটাল ক্যামেরা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ ১৫ খণ্ডের দলিলসহ প্রয়োজনীয় আসবাব কেনার কথা। হাসান মারুফ জানান, জেলা প্রশাসকের নির্দেশে ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উপজেলার ইউনিয়ন পরিষদগুলো পরিদর্শনকালে সব তথ্যকেন্দ্র বন্ধ দেখেন। নয়টিতে সাইনবোর্ড নেই। একটিতে কম্পিউটার নেই। অনেক কেন্দ্রে স্ক্যানার, প্রিন্টার নেই। বেশির ভাগ কেন্দ্রেই অপারেটররা অনুপস্থিত। ২৫ জানুয়ারি তিনি এ ব্যাপারে একটি প্রতিবেদন জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করেছেন বলে জানান।গত বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ সরেজমিন ঘুরে দেখা গেছে, দুপুর ১২টার পর বেশির ভাগ ইউনিয়ন পরিষদ বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভবনের দোতলায় ঝুলছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের নতুন সাইনবোর্ড। স্থানীয় মাহানপুর হাটে খুঁজে পাওয়া গেল পরিষদের গ্রাম পুলিশ নগেন্দ্রনাথ রায়কে। তিনি জানান, চেয়ারম্যান সফিউল আলম কোথায় গেছেন জানেন না। ইউনিয়ন তথ্যকেন্দ্র কী, এখানে কী ধরনের সুবিধা পাওয়া যাবে—নিজেও এ সম্পর্কে কিছু বলতে পারেননি।সাঁতোর ইউনিয়ন পরিষদে গিয়েও একই দৃশ্য চোখে পড়ে। এখানে তথ্যকেন্দ্রের কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। বীরগঞ্জ সদরে সুজালপুর ইউনিয়ন পরিষদ। সেখানে গিয়ে দেখা যায়, পরিষদের ভগ্নপ্রায় ভবনে নতুন সাইনবোর্ড লাগানো। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, কম্পিউটার কেনা হয়নি। বই কেনা হয়নি। এর আগে জেলা প্রশাসক দুটি কম্পিউটার ও একটি প্রিন্টার দিয়েছেন, কিন্তু বিদ্যুৎসংযোগের অভাবে সেটিও ব্যবহূত হচ্ছে না। নিয়োগপ্রাপ্ত দুজন অপারেটরও তথ্যকেন্দ্রে নিয়মিত আসেন বলে জানান পরিষদের সচিব শাহজাহান সিরাজ।ভোনগর ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রেরও অবস্থা এক। চেয়ারম্যান মো. বদিউজ্জামান জানান, তথ্যকেন্দ্র সম্পর্কে গ্রামের কৃষকেরা ভালো করে জানেন না। অপারেটরদের অনুপস্থিত থাকার ব্যাপারে তিনি বলেন, কৃষকেরা সেবা নিতে আসেন না। কাজ নেই। তাই আয় নেই। মোহাম্মদপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষক নোমান ফারুক প্রথম আলোকে বলেন, বেশির ভাগ গ্রামে বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ সংযোগ থাকলেও সরবরাহ নেই। সৌর বিদ্যুৎব্যবস্থা স্থাপনের যন্ত্রপাতি এলেও তা বসানো হয়নি। প্রাথমিকভাবে অপারেটরদের বেতন-ভাতা সরকারিভাবে দেওয়া উচিত। এসব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ নিতে পারলে ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলোর সেবা সাধারণ মানুষ পাবে বলে তিনি মনে করেন।গত বছরের ১১ নভেম্বর ‘তথ্য শক্তি’ স্লোগান নিয়ে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ‘ইউআইসি’ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ এ উদ্যোগের বাস্তবায়ন করেছে। —আসাদুল্লাহ্ সরকার, দিনাজপুর