
বেজে চলেছে রণবাদ্য। কাঁপন ধরানো ঢাকঢোলের আওয়াজ। চারদিকে হর্ষধ্বনি। একেবারে ময়দানি লড়াইয়ের পূর্ণ আমেজ। মঞ্চে লড়ে যাচ্ছেন সুঠামদেহী বলীরা। ভিড়ের মধ্যে বলীদের একনজর দেখার সে কী চেষ্টা দর্শকদের! খেলা আধঘণ্টার মতো চলার পর মাইকে ঘোষণা এল এবার আসছেন কক্সবাজারের রামুর দিদার বলী। শোনার সঙ্গে সঙ্গে আরেক দফা উল্লাসে ফেটে পড়লেন দর্শকেরা। দিদার এলেন, জয় করলেন। প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করলেন চোখের নিমেষেই। সময় নিলেন মাত্র ১৫ সেকেন্ড! পরলেন একাদশ বারের মতো চ্যাম্পিয়নের মুকুট।
ভাবছেন, টিভি চ্যানেলের রেসলিংয়ের বর্ণনা? না, এই কুস্তির লড়াই চট্টগ্রামের জব্বারের বলীখেলার। শতবর্ষের ধারাবাহিকতায় ১২ বৈশাখ (২৫ এপ্রিল) লালদীঘির মাঠে এবারও বসেছিল এই বলীখেলার আসর।

মেলার টানে...
২৬ এপ্রিল। মেলার দ্বিতীয় দিন, সন্ধ্যা সাতটা। নগরের আন্দরকিল্লা মোড় থেকেই মানুষের ঢল। দোকানিদের হাঁকডাক। কেউ দরদাম করছেন, কেউ কম দামের আশায় আরও একটু ভেতরে যাওয়ার চেষ্টায় আছেন। কেনাকাটাও যে জমজমাট তা বোঝা যাচ্ছে দর্শনার্থীদের দেখে। সবার হাতে কিছু না কিছু আছে। কারও হাতে চালনি-কুলা, কারও হাতে ঝাড়ু। কিংবা কেউ কিনে ফিরছেন পাটি-শতরঞ্জি। কী নেই এখানে—রয়েছে ঘরের ব্যবহার্য জিনিস থেকে শুরু করে নানা প্রয়োজনের কিংবা শৌখিন বিচিত্র সব পণ্যের সম্ভার। সব বয়সীর গন্তব্যও তাই লালদীঘির পাড়।
এবারও জব্বারের বলীখেলা ঘিরে আনুষ্ঠানিকতা শুরুর এক দিন আগে মেলা বসে লালদীঘি পাড়ের এক বর্গকিলোমিটারজুড়ে।

বলীর গ্যাংনাম
সুঠামদেহী মইনুদ্দীন। এসেছিলেন সীতাকুণ্ড থেকে। শুরু থেকেই শারীরিক গঠনের জন্য সবার নজর কাড়েন তিনি। খেলার রিংয়ে উঠেও দেখালেন তাঁর শক্তি। প্রতিদ্বন্দ্বীকে পাঁচ মিনিটে ধরাশায়ী করে চড়ে বসলেন তাঁর গায়ের ওপর। রেফারির বিজয় সংকেত পাওয়ার পর উঠেই ঢোলের তালে তালে শুরু করেন গ্যাংনাম নৃত্য। বিজয় উদ্যাপনের এমন ধরনে বেশ মজা পায় দর্শকেরাও।

প্রবীণ বলীদের কেরামতি
নজর কাড়ে প্রৌঢ় বলীদের খেলাও। হাটহাজারীর মোহাম্মদ মফিজ (৫৫) ও উত্তর পতেঙ্গার খাজা আহম্মদ (৫৬) খেলে আসছেন ১০ বছর ধরে। এবারও লড়েছেন। তবে ফল আসেনি। কেউ কারও পিঠ মাটিতে (কুপোকাত) লাগাতে পারেননি। বিজয়ী দুজনেই। খেলা শেষ করেই ঘোষণা দিলেন অবসরের। এ ছাড়া বৃদ্ধ বলী কুমিল্লার মোহাম্মদ শহীদ (৬২) ও কক্সবাজারের মোহাম্মদ হোসেনের (৫৬) লড়াইও বেশ উপভোগ করে দর্শকেরা।

কিশোর বলী!
রিংয়ের পাশে মলিন মুখে ঘুরতে দেখা গেছে দুই কিশোর বলীকেও। তারা হলো সিটি করপোরেশন পাথরঘাটা বালক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাখাওয়াত আলম ও মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোহেল। জানাল, তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু বয়স কম হওয়ায় খেলতে পারছে না।
শাখাওয়াত বলল, ‘এখন থেকে যদি আমরা তৈরি
না হই, তাহলে ভবিষ্যতে লড়ব কীভাবে?’

‘চারবেলা নাশতা আর প্রতিদিন পাঁচটা ডিম’
—চ্যাম্পিয়ন দিদার বলী
দিদার বলীর পুরো নাম দিদারুল আলম। কক্সবাজার জেলার রামুর উমখালী গ্রামের বাসিন্দা ৩২ বছরের এই যুবকের খ্যাতি এখন চট্টগ্রামজুড়ে। কোনো বলীখেলায় তিনি অংশ নেওয়া মানেই শিরোপা তাঁর হাতে। পেশায় ব্যবসায়ী দিদার মাঠে প্রতিপক্ষের সাক্ষাৎ যম হলেও পারিবারিক জীবনে একেবারে সাদামাটা, সদালাপী। পড়ালেখা বেশি দূর এগোয়নি—এসএসসি পর্যন্ত। সাত ভাই এক বোনের মধ্যে তৃতীয় দিদার এখনো সংসারী হননি। এর মধ্যে সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে নির্বাচনও করেছেন। অবশ্য নির্বাচনী খেলায় জিততে পারেননি। এবারে আবদুল জব্বারের বলীখেলার শিরোপা জেতার পর কথা হয় তাঁর সঙ্গে।
যেভাবে শুরু
আমি খেলা শুরু করি ১৮ বছর বয়স থেকে। এ পর্যন্ত বিভিন্ন বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছি ১০০ বারের বেশি। আবদুল জব্বারের বলীখেলায় এ নিয়ে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছি। ২০০১ সাল থেকে আসছি এখানে। মাঝে দুই বছর নিষিদ্ধ ও আরেকবার ইনজুরি থাকার কারণে খেলা হয়নি। এ ছাড়া সাতকানিয়ার বলীখেলা, কক্সবাজারের ডিসি সাহেবের বলীখেলায়ও বেশ কয়েকবার শিরোপা জিতেছি। গ্রামগঞ্জে মেলা হলে তো আমার ডাক পড়েই।
বলীখেলায় কেন?
ছোটবেলায় বলীখেলায় দেখতাম, যে বলী জিতত তাকে নিয়ে সবার সে কী আনন্দ! তখন থেকেই ভাবতাম, আমিও একদিন বলী হব। বলীখেলা কষ্ট, তবে আনন্দ অনেক। আমি যখন কোনো খেলায় জিতে আসি, আমার গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। সবাই আনন্দ-উল্লাস করে। আর যেখানেই যাই, বলী হিসেবে বাড়তি খাতির করে লোকজন, সম্মান দেয়। এটাই অনেক বড় পাওয়া।
এতবার শিরোপা জেতার রহস্য কী?
বলী খেলাটা শক্তির লড়াই হলেও কৌশলটাই আসল। কোন কৌশলে প্রতিদ্বন্দ্বীকে মাটিতে ফেলবেন, তা হলো মূল। এ জন্য আমি খেলায় প্রথমে আমার প্রতিদ্বন্দ্বীর কোমর ধরার চেষ্টা করি। একবার কোমর ধরতে পারলে তার আর রক্ষা নেই। এরপর আছাড়। ব্যস, কেল্লাফতে।
শরীর ধরে রাখতে...
আমি নিয়মিত ব্যায়াম করি। পুষ্টিকর খাবার যেমন: দেশি মাছ, মাংস, কবুতর আর তিনবেলা ভাত (পরিমাণমতো), চারবেলা নাশতা আর প্রতিদিন পাঁচটা ডিম। তবে প্রতি বেলা ভাতের সঙ্গে একটি করে কবুতর থাকে।
বলীখেলা কত দিন চলবে?
শখের বসে আমি বলী ধরি। এটা আমার পেশা না। যত দিন শরীরে শক্তি থাকবে, খেলে যাব।