ব্যক্তিজীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো প্রভাব থাকা যাবে না। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত ‘ইয়ুথ মোটিভেশনাল অ্যান্ড সাইবার হেলথ’ শীর্ষক কর্মশালায় এমনটাই বলেছেন বক্তারা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও অনলাইনভিত্তিক মানসিক স্বাস্থ্য-সহায়ক সংগঠন ‘মনের বন্ধু’ কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা হওয়া, হ্যাকিংয়ের শিকার হওয়ার মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনেকে নিজেদের অভিজ্ঞতা সম্পর্কেও বলেন। আলোচকেরা সেসব বিষয়ে পরামর্শ দেন এবং বিভিন্ন ‘কেস স্টাডি’ নিয়ে আলোচনা করেন। কর্মশালায় আলোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অ্যানি এন্তোনিও বাড়ৈ, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রভাষক এম রেদওয়ান জিনান সিদ্দিকী, বিসিএসের সভাপতি মো. আলী আশফাক ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।
অনুষ্ঠানে রেদওয়ান জিনান সিদ্দিকী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজের ধ্যানজ্ঞান বানানো যাবে না। এতে সাইবার জগতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এসব মাধ্যমে কী কী করবেন আর কী কী করবেন না, তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আলী আশফাক সাইবার জগতে ইতিবাচক বিষয় নিয়ে কাজ করার কথা বলেন। নেতিবাচক বিষয়ে না জড়ানোর পরামর্শ দেন তিনি।
কর্মশালায় অন্য আলোচকেরা বলেন, দেশে সাইবার অপরাধের শিকার যাঁরা হন, তাঁদের বেশির ভাগই নারী ও তরুণ। তাই তাঁদের সচেতন থাকা উচিত। সাইবার জগৎ সম্পর্কে জেনে তবেই পা বাড়ানো উচিত। এ ছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রাইভেসি সেটিংস’ সঠিকভাবে ঠিক করে নিতে হবে।