
গণিত, ওরে বাবা! কী এক বিভীষিকার নাম! গণিতের নাম শুনতেই আঁতকে ওঠা তো খুব বিচিত্র কিছু নয়। কিন্তু গণিত মানেই যে জটিল সব সমীকরণ আর গৎবাঁধা অঙ্ক কষা তা ভাবার কোনো কারণ নেই। রুবিকস কিউব, সুডোকু এগুলোও তো গণিতেরই অংশ। গণিতের এই বৈচিত্র্যময় উপকরণগুলো নিয়ে গত ২৮ জুন কুয়েটে হয়ে গেল দারুণ এক প্রতিযোগিতা। ইন্ট্রা কুয়েট রুবিকস কিউব, সুডোকু ও আইকিউ চ্যালেঞ্জ নামক এই প্রতিযোগিতার আয়োজন করে কুয়েট ম্যাথ ক্লাব ও কুয়েটিয়ান কিউবিস্টস ক্লাব।
প্রতিযোগিতাটির সার্বিক সহযোগিতায় ছিল ‘জিরো টু ইনফিনিটি’। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ভবনে সকাল নয়টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলে দুপুর একটা পর্যন্ত। রুবিকস কিউব মেলানো, সুডোকু প্রতিযোগিতা ও আইকিউ টেস্ট, এই তিন ধরনের গাণিতিক বুদ্ধির খেলার আয়োজন হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে অংশ নেন কুয়েটের বিভিন্ন বিভাগ ও বর্ষের মোট ৯১ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সার্টিফিকেট এবং বিজ্ঞান ও গণিতবিষয়ক বই দেওয়া হয়।
সুডোকু আর রুবিকস কিউব মেলানো কোনো বন্ধুর পথ পাড়ি দেওয়ার চেয়ে কম কি! সেই বন্ধুর পথ পাড়ি দিয়েই সুডোকু প্রতিযোগিতাটি জিতে নেন রেদওয়ান আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন যথাক্রমে এনামুল হাসান ও তুনাজ্জিনা বিনতে আলম। রুবিকস কিউব মেলানোতেও পারদর্শী রেদওয়ান, ৪৪ দশমিক ৮৬ সেকেন্ডে কিউব মিলিয়ে সেখানেও অধিকার করেছেন দ্বিতীয় স্থান। ২৯ সেকেন্ডেরও কম সময়ে কিউব মিলিয়ে প্রথম স্থান যৌথভাবে নাফিস শাহরিয়ার ও ফুয়াদ হাসানের। রুবিকস কিউব প্রতিযোগিতায় তৃতীয় স্থানটি নিয়েছেন মুসাদ্দিক তালহা।
বুদ্ধি পরিমাপের এই খেলায় কুয়েটের প্রতিযোগীরা কে কাকে ছাড়িয়ে যাবে, তাই নিয়ে চলেছে তুমুল লড়াই। আইকিউ টেস্টে প্রথম হয়েছেন পুরকৌশল বিভাগের তারিকুল ইসলাম। বুদ্ধির খেলায় জয়ী হওয়ার অভিজ্ঞতা জানালেন এই ‘বুদ্ধিমান’ প্রতিযোগী, ‘অন্য রকম এই প্রতিযোগিতার ইভেন্টগুলো আমার কাছে আকর্ষণীয় ও মজার মনে হয়েছিল। সে কারণেই অংশ নেওয়া। তবে আইকিউ টেস্টে প্রথম হয়ে যাব তা একদমই ভাবিনি। সামনেও এমন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন হলে অবশ্যই অংশ নেব।’ আইকিউ টেস্টে দ্বিতীয় ও তৃতীয় স্থানটি অধিকার করেছেন যথাক্রমে আসিফ রেজা ও স্বর্ণলেখা দিগন্ত।
প্রতিযোগিতাটির অন্যতম আয়োজক ও কুয়েট ম্যাথ ক্লাবের উপদেষ্টা কাওসার ফারহাদ গণিতকে উপভোগ্য বিষয় হিসেবে গড়ে তুলতে এ রকম প্রতিযোগিতা আরও বেশি আয়োজনের ইচ্ছা প্রকাশ করলেন। তাঁর ভাষায়, ‘প্রতিনিয়ত ধরাবাধা পড়াশোনা যখন আমাদের যন্ত্রমানবে পরিণত করে দিতে চায়, তখন এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতাই দিতে পারে মুক্তির স্বাদ। গণিত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি দূর করতেই কুয়েট গণিত ক্লাবের এমন আয়োজন। সামনেও এ ধারা অব্যাহত থাকবে। ওয়ার্ল্ড সুডোকু কিংবা রুবিকস কিউব চ্যাম্পিয়নশিপে যেদিন এ দেশের মেধাবীরা পুরস্কার জিতে আসবে, সেদিন হয়তো খুব বেশি দূরে নয়।’