বুদ্ধিমান চাপকল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন প্রযুক্তির উৎকর্ষে কত বিচিত্র কিছুই না ঘটছে। এবার মুঠোফোনের সাহায্যে আফ্রিকার প্রত্যন্ত গ্রামগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা সাধারণ হ্যান্ড পাম্পে একটি ডেটা ট্রান্সমিটার সংযোজন করেছেন। এর নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট হ্যান্ড পাম্প’ বা ‘বুদ্ধিমান চাপকল’। গবেষকেরা নতুন এই চাপকলের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। শিগগিরই কেনিয়ার ৭০টি গ্রামে পরীক্ষামূলকভাবে এগুলোর ব্যবহার শুরু হবে। উল্লেখ্য, আফ্রিকার গ্রামাঞ্চলের ১০০ মিলিয়ন লোকই বিশুদ্ধ খাওয়ার পানির জন্য চাপকলগুলোর ওপর নির্ভর করে। কিন্তু অধিকাংশ সময়ই এগুলোর প্রায় এক-তৃতীয়াংশই নষ্ট থাকে। আর দূরের চাপকলগুলোকে ঠিক করতে এক মাসও লেগে যায়। এবার এই অবস্থার অবসান ঘটাবে ‘বুদ্ধিমান চাপকল’। মুঠোফোন ডেটা ট্রান্সমিটারের প্রধান কাজ হচ্ছে পাম্পটির হাতলের নড়াচাড়া এবং পানি সরবরাহ শনাক্ত করা। গবেষক দলের সদস্য প্যাট্রিক থমসন বলেন, ‘পাম্পটির অবস্থা নিয়ে এটি নিয়মিত টেক্সট মেসেজের মাধ্যমে ডেটা পাঠাবে। শুধু তাই নয়, কোনো কারণে পাম্পটি নষ্ট হয়ে গেলে এটি কেন্দ্রীয় অফিসে সংকেত পাঠাবে। ফলে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে অনেক তাড়াতাড়ি মেকানিক পাঠিয়ে তা মেরামত বা পরিবর্তন করা সম্ভব হবে।’ গবেষকেরা বর্তমানে ডিভাইসটির শক্তির জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহার করছেন। তবে ভবিষ্যতে এতে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। মজার ব্যাপার হলো, নতুন এই হ্যান্ড পাম্প বা চাপকলগুলো শুধু বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতই করবে না, পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যও প্রকাশ করবে। —বিবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা