বুদ্ধিমান ব্রেসলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহায্যকর্মীদের অপহরণ কিংবা হত্যার হাত থেকে রক্ষা করতে শিগগিরই আসছে এক উন্নত প্রযুক্তির ব্রেসলেট। যুদ্ধের বিশেষ অঞ্চল এবং অন্যান্য সাংঘর্ষিক এলাকায় কর্মীদের সাহায্যের জন্য ব্রেসলেটটি তৈরি করা হয়েছে। ‘সিভিল রাইটস ডিফেন্ডারস ক্যাম্পেইন গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান হাতে পরার এই ব্রেসলেট তৈরি করেছে। বিপদের সময় ব্রেসলেটটিতে নিজস্ব সংকেতের জন্য ব্যবহার করা হয়েছে কৃত্রিম উপগ্রহ এবং মোবাইল ফোন প্রযুক্তি। এতে ফেসবুক ও টুইটারের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে এবং কোনো নির্দেশনা ছাড়া তা অদৃশ্য হবে না।যেকোনো বিপজ্জনক পরিস্থিতিতে ব্রেসলেটটি স্বয়ংক্রিয়ভাবে কর্মীর অবস্থান জানিয়ে দেবে। প্রয়োজন মনে করলে ব্যবহারকারী নিজেও ব্রেসলেটটির মাধ্যমে নিজের পরিস্থিতি জানাতে পারবে। এটি সংকেত দিয়ে তার ব্যবহারকারী সম্পর্কে তথ্য পাঠাবে এবং কোথায় কখন তারা আক্রমণের সম্মুখীন হয়েছে, তাও জানাবে। এমনকি জোর করে খুলে নিলেও ব্রেসলেটটি সতর্ক সংকেত পাঠাবে। সিভিল রাইটস ডিফেন্ডারসের নির্বাহী পরিচালক রবার্ট হার্ড বলেন, ‘আমাদের অধিকাংশ কর্মীকেই একে অন্যের বিপদে সাহায্য করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি অন্যের জন্য ঝুঁকি নিয়ে থাকে এবং স্পষ্ট বক্তব্য ব্যবহার করে।’ এ সপ্তাহেই বেশ কিছু ব্রেসলেট সাহায্যকর্মীদের দেওয়া হবে এবং আরও ব্রেসলেট তৈরির জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি ২০১৪ সাল নাগাদ সাহায্যকর্মীকে ৫৫টি ব্রেসলেট দেওয়ার পরিকল্পনা করেছে। উল্লেখ্য, ২০০৯ সালে চেচনিয়ার অধিকারকর্মী নাটালিয়া এস্টেমিরোভা দায়িত্ব পালন অবস্থায় অপহূত ও খুন হন। ওই ঘটনার পর প্রতিষ্ঠানটি কর্মীদের রক্ষায় উন্নত প্রযুক্তির ব্রেসলেট তৈরির পরিকল্পনা নেয়।—বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা