বুধগ্রহে জমাট বরফ!
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা দাবি করেছেন, বুধ গ্রহের উত্তর গোলার্ধে জমাট বাঁধা বরফ ও জৈব উপাদান থাকার তথ্য পেয়েছেন তাঁরা। সায়েন্স সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে তাঁরা দাবি করেন, বুধগ্রহের উত্তর গোলার্ধে অগ্ন্যুত্পাতে সৃষ্ট গর্তগুলোর মধ্যে জমাট বাঁধা বরফের অস্তিত্ব রয়েছে। একই সঙ্গে আলকাতরা ও কয়লার মত জৈব উপাদানও থাকতে পারে। খবর রয়টার্সের। বিজ্ঞানীদের তথ্যমতে, সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের কাছাকাছি গ্রহ বুধ। এ গ্রহের একদিকে যেমন তীব্র গরম অন্যদিকে তেমনি ছায়াঘন হিমশীতল পরিবেশ। নাসার পাঠানো মেসেঞ্জার নভোযানের পাঠানো তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বুধ গ্রহে বরফ থাকার সম্ভাবনার কথা বলেছেন। গবেষকেরা পৃথিবী থেকে দূরবীনের মাধ্যমে বুধগ্রহের ওপর গবেষণা করেছেন। এর উত্তর গোলার্ধে যেখানে সব সময় ছায়া বিরাজ করে, সেখানে জমাট বরফ ও জৈব উপাদান থাকার সম্ভাবনার কথা দাবি করেছেন গবেষকেরা।গবেষকেরা জানান, বুধগ্রহে প্রাণের উদ্ভব ঘটেছে বলে কোনো তথ্য আমাদের জানা নেই। তবে প্রাণের আবির্ভাব ঘটার মতো প্রাথমিক পরিবেশ সেখানে আছে কিনা—তথ্য বিশ্লেষণ করে তা জানা সম্ভব হবে।গবেষকদের মতে, লাখ লাখ বছর আগে ধূমকেতু ও গ্রহাণু এ গ্রহের সঙ্গে সংঘর্ঘের ফলে তৈরি হয়েছে জৈব উপাদান। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও মেসেঞ্জারের গবেষক সিন সলোমন জানান, বর্তমান মঙ্গলগ্রহে অবস্থানরত কিউরিওসিটির মত কাজ করে না মেসেঞ্জার। এ যানটি মূলত লেজার রশ্মির বিচ্ছুরণ, কণা বিচ্ছুরণ, গামা রশ্মির নির্গমণ ইত্যাদি তথ্য সংগ্রহ করে। এ তথ্য পৃথিবীতে বসে গবেষকেরা বিশ্লেষণ করেন। নাসার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বুধগ্রহে জমাটবাঁধা বরফের ব্যাখা দেন গবেষকেরা। গবেষকেরা ধারণা করছেন, বুধ গ্রহের ভূপৃষ্ঠের চেয়ে জৈব উপাদানগুলো রং বেশি কালো। এ জৈব উপাদানগুলো বরফের সঙ্গে মিশে অবস্থান করছে। বুধ গ্রহের উত্তর গোলার্ধের গভীর খাদগুলোতে জমাট বরফের খোঁজ পাওয়া যেতে পারে।