বুননে সহজে অ্যাপ বানান

সহজেই অ্যাপ তৈরি করে নেওয়ার সুবিধা দিতে চালু হলো অ্যাপ ইঞ্জিন ‘বুনন’। এর নির্মাতা ১৪৩ প্লে নামের একটি প্রতিষ্ঠান। বুনন ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে অ্যাপ তৈরি করা যাবে বলে দাবি করেছেন এর নির্মাতারা। এটি দেশের সর্বপ্রথম অ্যাপ ইঞ্জিন বলেও দাবি তাঁদের।
বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘বুনন’-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেন বুননের নির্মাতা দলের প্রধান এবং ১৪৩ প্লের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আখতার হোসেন।
মাহমুদুল হাসান বলেন, এখন ব্যক্তিগত ও ব্যবসার জন্য অ্যাপ প্রয়োজন। কিন্তু দক্ষতা না থাকায় অনেকেই অ্যাপ বানাতে পারেন না। এ ক্ষেত্রে বুনন সাহায্য করতে পারবে। এই ইঞ্জিন ব্যবহার করে কয়েক মিনিটেই প্রয়োজনীয় অ্যাপ তৈরি করা যাবে।
বুনন অ্যাপটি পাওয়া যাবে বিডিঅ্যাপস্টোরে (http://bdappstore.com/)
মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, অ্যাপ তৈরির প্রক্রিয়াটি খুব সহজ। প্রথমে বুননে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। এরপর লগ ইন করলে একটি ড্যাশবোর্ড পাবেন। সেখানে ‘ক্রিয়েট’ অপশনটি থেকে আপনার অ্যাপ তৈরি শুরু করতে পারবেন। এখন মাত্র দুই ধরনের ক্যাটেগরি রয়েছে। শিগগিরই আরও ক্যাটেগরি যুক্ত করা হবে। আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে চারটি ধাপ পার হওয়ার পর পাবলিশ করলেও আপনি ‘এপিকে’ ডাউনলোড করতে পারবেন, যা আপনার মোবাইলে চালাতে পারবেন। গুগল প্লে স্টোর বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাপটি জমা দিতে ১৪৩ প্লের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত তথ্য ওই সাইটে দেওয়া আছে।
মাহমুদুল বলেন, ‘আমরা এখনো অ্যাপ ইঞ্জিনটির উন্নয়নে কাজ করে যাচ্ছি। দুই বছর ধরে এই ইঞ্জিন তৈরিতে আমাদের প্রতিষ্ঠানের তরুণ কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ বছরের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা এই ইঞ্জিনটির পূর্ণ সংস্করণ উন্মুক্ত করতে পারি।’
বুনন অ্যাপ ইঞ্জিনকে আরও উন্নত করে আন্তর্জাতিক রূপ দেওয়ার এবং অ্যাপ তৈরিতে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সৈয়দ আখতার হোসেন।