বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গত শনিবার হয়ে গেল ‘আইইইই প্রফেশনাল টকস’ শীর্ষক আয়োজন। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ শাখা ছিল এর আয়োজক। আইইইইর সদস্যদেশগুলোর মধ্যে এবারই প্রথম বাংলাদেশে এ ধরনের আয়োজন করা হয়। বুয়েটের সিই ভবনের গ্র্যাজুয়েট সেমিনার হলে এর উদ্বোধনী অনুষ্ঠানে আইইইই বাংলাদেশ শাখার সভাপতি শেখ আনোয়ারুল ফাত্তাহ বলেন, ‘মানুষের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্যই আমাদের এই আয়োজন।’
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও প্রকৌশলীরা যোগ দেন। দিনব্যাপী এই আয়োজনের শুরুতে প্রযুক্তিগত বাণিজ্যিক বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এ পর্বের মূল বক্তা ছিলেন সিকিউর লিংক সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ আলী নেওয়াজ। আলোচনায় অংশ নেন ক্রিটিকালিংকের প্রতিষ্ঠাতা জেনিফা ফেরাল, ইউবিটরিক্সের সহ-প্রতিষ্ঠাতা মিফতাহ উদ্দিন, সোলারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক উইডং জু বেনি ও নোভোটেল লিমিটেডের পরিচালক হাসিবুর রশিদ। দ্বিতীয় পর্বে প্রযুক্তির নেতৃত্ব বিষয়ে প্রধান বক্তা ছিলেন মাইক্রোসফটের ডিএক্স প্রধান তানজিম সাকিব। আলোচনায় ছিলেন এখানেই ডট কমের পরিচালক সৈয়দা কামরুন আহমেদ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের পরিচালক তানভির এহসানুর ও গ্রামীণফোনের সহকারী মহাব্যবস্থাপক রেদওয়ান হাসান খান।
তৃতীয় পর্বের বিষয় ছিল প্রযুক্তিগত ব্যবস্থাপনা। মূল আলোচনা করেন আইএমএস হেলথের প্রযুক্তি ব্যবস্থাপক ইন্তেখাব সাদেকিন। আলোচনায় অংশ নেন¯বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ, রবির টেকনিক্যাল রেগুলেশন ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট অনামিকা ভক্ত ও বাংলালিংকের হেড অব অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স মারুফ আহমেদ। এ আয়োজনের সহযোগী ছিল প্রথম আলো, দ্য ডেইলি স্টার, এবিসি রেডিও এবং দেশ টিভি।