বুড়িগঙ্গার পাড়ে
পত্রিকায় গণিত উৎসবের বিজ্ঞাপন আর প্রস্তুতির খবর দেখে এবারই প্রথম ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবে হাজির হয় ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর নিশাত তাবাসসুম। উৎসবের আগে বুদ্ধি করে বইয়ের জ্যামিতির সব উপপাদ্য ও অনুসিদ্ধান্তগুলো এক ঝলক দেখে আসে। উৎসবের পরীক্ষা দিয়ে ফলাফল না জেনেই চলে যায় বাসায়। কিন্তু পরদিন গণিত অলিম্পিয়াডের ব্লগে নিজের নাম দেখে ছুটে আসে প্রথম আলো অফিসে। উৎসবের বিজয়ী পদক আর নিশাতের বান্ধবী ফারাহ উলফাত প্রমাও বিজয়ী হয়েছে বলে আনন্দটাও একটু বেশি। বর্ষা ও প্রমার মতোই সহস্র খুদে গণিতবিদ হাজির হয়েছিল ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবে। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবে ১৫৪টি স্কুলের এক হাজার ১৮৯ জন শিক্ষার্থী অংশ নেয়। অন্যান্য উৎসবের মতো জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু। ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। দেশের শিক্ষার্থীদের এই উৎসবে তাঁর ব্যাংক সব সময় সঙ্গে থাকবে বলে তিনি জানান। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম দেশ বদলে দেওয়ার উদ্যোগে সবাইকে বদলে যাওয়ার আহ্বান জানান সোয়া ঘণ্টার গণিত অলিম্পিয়াডে। তারপর শিক্ষার্থীরা ফিরে এসে স্কুলের মাঠ কোলাহলময় করে তোলে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবের আকর্ষণ ছিল বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় নাচ ও গান। সাংস্কৃতিক পর্বের পরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। উৎসবে আসা অতিথিদের কঠিন কঠিন প্রশ্ন করতেই যেন খুদে গণিতবিদদের আনন্দ। মহাকাশ, পৃথিবী, মনোবিজ্ঞান থেকে শুরু করে খুদে গণিতবিদদের জিজ্ঞাসা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন কী? পৃথিবীর সর্বপ্রথম প্রশ্ন কী? বাংলা, ইংরেজিতে নাম লেখা যায়, কিন্তু অঙ্কে নাম লেখা যায় না কেন? মহাশূন্য কোন মহাশূন্যে অবস্থিত? পড়তে বসলে ঘুম আসে কেন?—এমন অনেক জটিল ও অদ্ভুত প্রশ্ন করে তারা কাবু করতে চায় শিক্ষকদের। শিক্ষকেরা বুঝিয়ে দেন তাদের সব প্রশ্নের উত্তর- জিজ্ঞাসা। প্রশ্নোত্তর পর্বের পরই খুদে গণিতবিদেরা মেতে ওঠে রুবিক কিউব প্রতিযোগিতায়। এলোমেলো কিউব মেলাতেই যেন সব আনন্দ। বোন বিজিবি স্কুলের সপ্তম শ্রেণীর কানিজ ফাতেমা সুপ্তির কান্নাকাটির সুবাদে বড় ভাই মেহেদী হাসান হিমেল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। সবাইকে অবাক করে মাত্র ৪০ সেকেন্ডে হিমেল এলোমেলো রুবিক মিলিয়ে ঢাকা উৎসবের বিজয়ী হয়। ঢাকা-১ উৎসবে উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী, বর্ষীয়ান গণিতবিদ খোদাদাদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহম্মদ কায়কোবাদ, ড. হুমায়ুন কবির, ড. আবদুল মালিক, ড. ফারসীম মান্নান মোহাম্মদী, মনোবিজ্ঞানী মোহিত কামাল, গণিত অলিম্পিয়াডের কোচ ড. মাহবুব মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিহান সাজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসাইন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক প্রমুখ। শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, তা জানান তারিক আদনান মুন। এ সময় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘গণিত শিখতে শিখতে একদিন সমাজকে বদলে দেবে তোমরা।’ অধ্যাপক খোদাদাদ খান বলেন, ‘গণিতকে এক ধরনের খেলা ভাবলেই দেখবে গণিত-ভীতি বলতে কিছু থাকবে না।’ উৎসবস্থলে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস বই নিয়ে একটি স্টল খোলা হয়। ছিল গণিত ও বিজ্ঞানের বইয়ের স্টল। মুক্তদর্শনের কথা বলেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা। আর ওয়াটার রকেট উৎক্ষেপণ করে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।জাহিদ হোসাইন