বুয়েটে হয়ে গেল প্রযুক্তি উৎসব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ১ নভেম্বর থেকে শুরু হওয়া ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১১’ নামের তিন দিনব্যাপী প্রযুক্তি উৎসব গত শুক্রবার শেষ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রযুক্তি উৎসবে অংশ নেয়।এই প্রযুক্তি উৎসবে আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস প্রকল্প ও প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক নাশিত শাহরিয়ার প্রথম আলোকে বলেন, এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।আন্তবিশ্ববিদ্যালয় ইলেকট্রনিকস প্রকল্প প্রতিযোগিতায় হার্ডওয়্যার বিভাগে বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যানবাহন পার্কিংয়ের স্বয়ংক্রিয় উপায়সংক্রান্ত একটি প্রকল্প ও রানারআপ হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ডিজিটাল-যন্ত্রে বাংলা বর্ণমালার হাতেখড়ি নামের প্রকল্প।সফটওয়্যার বিভাগে বিজয়ী ও রানারআপ হয়েছে যথাক্রমে বুয়েটের ভিজ রিসার্চ ও অ্যানড্রয়েডের জন্য মুক্ত বাংলা প্রকল্প। এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থার্ড হ্যান্ড ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বাংলা মানব তিন প্রকল্পটি।সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষার্থী কল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক আমিনুল হক, প্রযুক্তিবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক এম কায়কোবাদ উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন