বুয়েটের আইএসিতে নতুন বর্ষের ক্লাস শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বাংলাদেশ-কোরিয়া ইনফরমেশন এক্সেস সেন্টারে (আইএসি) গত বছরের জুলাই-অক্টোবরে শুরু হওয়া তিনটি তথ্যপ্রযুক্তি কোর্স সম্পন্ন হয়েছে। এর আওতায়ছিল ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও লিনাক্স সার্ভার কনফিগারেশন। এতে ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সমাপনীতে কৃতকার্য ২৮ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির। প্রথম ব্যাচের কৃতকার্যদের মধ্যে সার্টিফিকেট প্রদান ও দ্বিতীয় ব্যাচের কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ অনেকেই। অনুষ্ঠানে আইএসির ইনচার্জ এ এস এম লতিফুল হক আইএসির কর্মকাণ্ডের বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। সেই সঙ্গে আইএসিতে জানুয়ারি-মার্চ মেয়াদে আরও তিনটি কোর্স (ওয়েব ডিজাইন অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সার্ভার কনফিগারেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) শুরুর ঘোষণা দেওয়া হয়। এসব কোর্সসমূহে ৩০ জন করে শিক্ষার্থী অংশ নিতে পারবেন।