বৃষ্টি কম হলে যা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>খবর: গত মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম। এ মাসেও বৃষ্টি কম হতে পারে। আবহাওয়া বিভাগের এই পূর্বাভাসের সঙ্গে এবার যোগ হয়েছে বিলম্বিত বর্ষা। সব মিলিয়ে এ বছর দেশে ঘাটতি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। (সূত্র: প্রথম আলো, ১০ জুন ২০১৫)
.
.

প্রেমিক–প্রেমিকা
বৃষ্টি বড়ই প্রেমবান্ধব। এক পরিসংখ্যানে দেখা গেছে, বৃষ্টি হলে মানবমনে হু হু করে প্রেম বাড়ে। একটু রিকশাভ্রমণ, একটু রোমাঞ্চের আশায় কত প্রেমিক–প্রেমিকা একটু বৃষ্টির জন্য কতই না অপেক্ষা করে! বৃষ্টি কম হলে কী হবে এসব কোমলমতি প্রেমিক-প্রেমিকার? রাষ্ট্র কি পারবে তাদের ক্ষতি পোষাতে!

ফেসবুকার

ফেসবুকার
ফেসবুকার

ফেসবুক এখন সবকিছু প্রকাশ করার একমাত্র মাধ্যম। এখানে যা ঘটেছে, তা প্রকাশ করা যায়, যা ঘটেনি সেটাও প্রকাশ করা হয়। এক হিসাবে দেখা গেছে, বর্ষাকালে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ফেসবুকেই। বৃষ্টির মতো ঝরতে থাকে স্ট্যাটাস, কমেন্ট আর লাইক। এ বছর বৃষ্টি কম হলে ক্ষতির মুখে পড়বে বৃষ্টির জন্য অপেক্ষারত ফেসবুকাররা। যারা বৃষ্টি হলে কী স্ট্যাটাস দেবে, সেটাও রেডি করে বসে আছেন!

সমালোচক

সমালোচক
সমালোচক

বৃষ্টি না হলে বড় ক্ষতির মুখোমুখি হবেন টক শোর সেলিব্রিটি ও সমালোচকেরা। তাঁরা সারা বছর আশায় থাকেন, অঝোরে বৃষ্টি নামবে। পানিতে ডুবে যাবে সবকিছু, ভাঙবে রাস্তাঘাট, অচল হয়ে পড়বে জনজীবন। সঙ্গে সঙ্গে বাড়বে সমালোচনা। সারা বছর খেটেখুটে সেসব সমালোচনা গুছিয়ে লিখে রাখেন অনেক সমালোচক। বৃষ্টি হলেই সেসব ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাঁরা। বৃষ্টি কম হলে তাঁদের ক্ষতি হবে অনেক।

রিকশাচালক

রিকশাচালক
রিকশাচালক

কৃষকের কাছে ফসলের মৌসুম যেমন আনন্দময়, তেমনি রিকশাচালকের কাছে বৃষ্টির মৌসুমও আনন্দময়। কারণ, সাদা চোখে যেটাকে আমরা বৃষ্টি দেখি, রিকশাচালকেরা সেটাকে দেখেন ভাড়া হিসেবে। যতক্ষণ বৃষ্টি, ততক্ষণ দ্বিগুণ, তিন গুণ ভাড়ার বন্যা। তাই বৃষ্টি কম হলে তাদের ক্ষতিটা আন্দোলন করে প্রতিবাদ করার মতো বড় ক্ষতি!

কবি
আকাশে মেঘ করলে সবচেয়ে বেশি খুশি হন রিকশাচালক, তারপরই কবি। আকাশে মেঘ করলে কবিরা আগে খাতা–কলম নিয়ে বসে যেতেন কবিতা লেখার জন্য। এখন তাঁরা বসেন কি–বোর্ড নিয়ে। বৃষ্টি কম হলে শুধু কবির ক্ষতিই হবে না, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলা সাহিত্য।