
এয়ারপোর্টে নেমেই মনে হলো এটা অন্য এক দেশ, মোটেই অস্ট্রেলিয়া নয়। মেলবোর্নের সঙ্গে এর আবহাওয়া আর প্রকৃতির কোনো মিল নেই। বরং মিলটা অন্য কোনো জায়গার, সে জায়গার বিচরণ হূদয়ের বড় কাছাকাছি।

বিমানবন্দর থেকে বেরোতেই নাতিশীতোষ্ণ পরিমণ্ডলে বাতাসের জলকণা শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও আর্দ্র করে তুলছে। কেমন যেন আপন হয়ে যায় কেয়ার্নস। হোটেলের পথে যেতে যেতে সারি সারি নারকেলগাছ, এখানে-ওখানে আমগাছ, রঙ্গন ফুলের বাগান, চিরচেনা সব গাছগাছালি দিয়ে সাজানো ছবির মতো শহর। কৃষ্ণচূড়ার চূড়ায় আগুনরঙা ফুল দেখে হূৎপিণ্ডখানি আরেকবার নাড়া খেল, প্রায় চিৎকার করে উঠেছিলাম, যেন অনেক দিনের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে!
প্রথম দিন শুধু শহর ঘুরে দেখলাম, কোনো তাড়া নেই, তেমন কোনো কর্মযজ্ঞ চোখে পড়ে না। ছোট্ট শহর, মোটামুটি ঘণ্টা দুয়েকের ভেতর পুরো শহরটা এক চক্কর দিয়ে আসা যায়। শহরের ঠিক কেন্দ্রস্থলে আছে একটি অপূর্ণ লেগুন, অর্থাৎ কৃত্রিম সমুদ্রসৈকত। যে যার মতো সমুদ্রসৈকত উপভোগ করছে, কেউ পানিতে নেমে বই পড়ছে, কেউ সাঁতার কাটছে, কেউ বা বসে শুধু অন্যদের উপভোগ করা দেখছে।
এই লেগুনের পাশে এসে মনে হলো, এ শহরে কারও কোনো কাজকর্ম নেই, সবার এমন অখণ্ড অবসর। আসলে বেশির ভাগ লোকজন পর্যটক। এখানে সারা বছর শীত বা গরমের তীব্রতা নেই। ভালো আবহাওয়া ছাড়াও রয়েছে দুটি মূল আকর্ষণ, গ্রেট ব্যারিয়ার রিফ আর রেইন ফরেস্ট।

গ্রেট ব্যারিয়ার রিফে যেতে হলে কেয়ার্নস থেকে জাহাজে চড়ে দুই ঘণ্টার পথ পাড়ি দিয়ে আসতে হবে গ্রিন আইল্যান্ড নামের একটি দ্বীপে, যার কিনার ঘেঁষে আছে নিযুত-কোটি ছোট ছোট কোরাল পলিপ (একধরনের জলজ জীব)। এর বিস্তৃতি প্রায় তিন লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার। এই কোরাল রাজ্যে বাস করে হাজার রকমের বিভিন্ন আকৃতির রংবেরঙের মাছ, আর রিফের আশপাশের ৯০০ দ্বীপে আছে শত রকমের পাখি। প্রকৃতির এই স্বর্গতুল্য বিশাল জায়গাটি যে কেন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি, তা এখানে এসেই পরিষ্কার বোঝা গেল। কোরাল খুব কাছে থেকে দেখতে চাইলে পানির নিচে যেতে হয়, সুতরাং ডুবুরিদের পোশাক-যন্ত্রপাতি সবই জাহাজে উঠেই ভাড়ায় নিয়ে নিলাম। কিছুক্ষণ পর কর্তৃপক্ষ ঘোষণা দিতে থাকল, শুধু ভালো সাঁতারুদেরই পানির নিচে যাওয়া উচিত। মনটা বড্ড দমে গেল, সাঁতার তত ভালো জানি না। তা ছাড়া সমুদ্র-দেবী সেদিন বেশ রুক্ষ মেজাজে ছিলেন, জাহাজের দুলুনিতে মাথা ঘুরতে লাগল। যদিও জাহাজে উঠতেই ওরা সবার হাতে বিবমিষা নিয়ন্ত্রণের ট্যাবলেট ধরিয়ে দেয়। কিন্তু নাহ, সত্যিই দুলুনিটা সব পণ্ড করে দিল, সমুদ্রের নিচের রত্নভান্ডার বুঝি আর দেখা হলো না। তবে উপায় একটা হলো। যারা পানির নিচে যেতে পারবে না, তাদের এমন নৌকায় ওঠানো হলো, যার পাটাতনটি স্বচ্ছ কাচের তৈরি। উঠে পড়লাম, নৌকা ভেসে চলেছে রিফের ওপর দিয়ে। বিস্ময়ে অভিভূত হলাম নানা ধরনের কোরাল আর মাছ দেখে, যা দেখলাম তা সত্যি বর্ণনাতীত, শুধু বলা যায় সাগরতলের সে সৌন্দর্যে মানুষের চোখ তৃপ্ত হতে বাধ্য।
কেয়ার্নস এলে বৃষ্টিবন দেখা আরেকটি অবশ্যকরণীয়। আশপাশে অনেক বৃষ্টিবন রয়েছে। ঠিক হলো কুরান্ডা রেইনফরেস্ট যাব পুরোনো দিনের বাষ্পচালিত রেলগাড়িতে চড়ে। আর একটা উপায় আছে স্কাই-রেলে চড়ে যাওয়া, পুরো বনটিকে ওপর থেকে দেখতে দেখতে যাওয়া। উচ্চতাভীতির কারণে রেলগাড়িটাই বেশি পছন্দ হলো, বেশ ধীরে ধীরে বনের ভেতর দিয়ে চলছে আমাদের ট্রেন।
চালক বেশ সমঝদার মানুষ, সুন্দর জায়গাগুলোতে পুরোপুরি থেমে যাত্রীদের ছবি তোলার সুযোগ করে দিচ্ছেন। একটা জায়গায় ট্রেনটি পুরো ৯০ ডিগ্রি ঘুরে যায়, জানালা দিয়ে মুখ বাড়িয়ে পুরো ট্রেনটাই দেখা যায়, আমাদের চালক সেখানে একেবারেই গতি কমিয়ে দিলেন যেন একটা ভালো ছবি তোলা যায়। কুরান্ডা পৌঁছালেই গ্রাম, কুটির-শিল্পের রকমারি বাজার, আর আদিবাসীদের আঁকা ছবির গ্যালারি।
ট্রেন আবার দুই ঘণ্টা পরে কেয়ার্নস ফিরে যাবে, সুতরাং এর ভেতরেই সব দেখে নিতে হবে।