
অরুন্ধতী ভট্টাচার্য। ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) নতুন চেয়ারপারসন। এই সংস্থার প্রধান হিসেবে এবারই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন। এর আগে অরুন্ধতী ভট্টাচার্য এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করেছেন। আগামী তিন বছর এ সংস্থাটির সর্বোচ্চ এ পদে কাজ করবেন তিনি।
এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে এবার প্রথম একজন নারী এ দায়িত্ব পালন করবেন। ১৯৭৭ সালে এসবিআইতে যোগ দেন অরুন্ধতী। পরবর্তী সময়ে এ সংস্থায় একাধারে ক্রেডিট, ফোরেক্স, ট্রেজারি, রিটেইল অপারেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন অরুন্ধতী ভট্টাচার্য।
১৯৫৬ সালে জন্মগ্রহণ করা অরুন্ধতী বিশ্বখ্যাত ম্যাগাজিন ফরচুন প্রকাশিত ভারতের সেরা ৫০০ প্রখ্যাত নারীর তালিকায় শীর্ষে আছেন। শুধু তাই নয় এই তালিকায় একমাত্র ব্যাংকারও তিনি। ছোটবেলা থেকেই ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা ছিল অরুন্ধতী ভট্টাচার্যের। তাই পড়াশোনা শেষ করে নিজের প্রিয় পেশাতেই যোগ দেন তিনি। এত দিন ধরে এসবিআইতে কাজ করলেও এখন নতুন পদে দায়িত্ব পেয়ে আরও ভালো কিছু করতে চান তিনি।
তথ্যসূত্র: বিজনেস উইক, টাইমস অব ইন্ডিয়া