বৃহস্পতিবার থেকে ঢাকায় ল্যাপটপ মেলা
আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে দশমবারের মতো অনুষ্ঠিত এ মেলার আয়োজক মেকার কমিউনিকেশন। মেলা শুরুর আগে গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন মেলার সমন্বয়ক ফাবিয়ান খান। তিনি জানান, এবারের মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ মেলায় পাওয়া যাবে। সম্মেলনে কিউবির ব্র্যান্ড ও যোগাযোগপ্রধান সৈয়দ আশিকুর রহমান, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সালমান আলী খান, স্যামসাংয়ের মার্কেট কমিউনিকেশনস ব্যবস্থাপক মাহমুদ বি কাইয়ুম, এইচপি পার্সোনাল সিস্টেমস গ্রুপ বাংলাদেশের চ্যানেল মার্কেটিং ব্যবস্থাপক প্রতাপ সাহা বক্তৃতা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপও উন্মোচিত হবে। মেলার সব ধরনের হালনাগাদ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে (www.facebook.com/ QubeeLaptopFair) পাওয়া যাবে। এ ফ্যান পেজটিতে লাইক দিয়ে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। প্রবেশ টিকিটের ওপরে র্যাফল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। মেলার মূল পৃষ্ঠপোষক কিউবি। সহ-পৃষ্ঠপোষক এসার, আসুস, এইচপি ও স্যামসাং। মেলার ওয়েব পৃষ্ঠপোষক বিডি জবস ডটকম ও এখনি ডটকম এবং রেডিও পার্টনার এবিসি রেডিও। —মোছাব্বের হোসেন