বৃহস্পতিবার থেকে স্মার্টফোন ও ট্যাব মেলা
আগামী বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনের ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই মেলা। ৩ আগস্ট শুরু হয়ে এ মেলা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই মেলা। গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান বলেন, মেলায় অংশগ্রহণকারী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যে বিশেষ ছাড় ও উপহার দেবে। এতে দেশ ও বিদেশের বেশির ভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশমূল্য রাখা হচ্ছে ২০ টাকা।
মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ফেসবুক পেজে www.facebook.com/STExpo আয়োজন করা হয়েছে ‘স্মার্ট চ্যাম্প কুইজ কনটেস্ট’। এ ছাড়া রয়েছে ‘সেলফি বাজ কুইজ কনটেস্ট’। মেলাটি আয়োজনে সহযোগিতা করছে টেকশহর ডটকম, স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র্যাংগস, এডেটা ও পিপলস রেডিও।