বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে মুক্ত সফটওয়্যারবিষয়ক এক সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আবদুল জলিল মিয়া, বিজ্ঞান অনুষদের ডিন মো. নজরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মোরশেদ হোসেন এবং কমিপউটার ও প্রকৌশল বিভাগের প্রধান মো. গাজী মাজহারুল আনোয়ার। সেমিনারে প্রযুক্তি বিকাশে সমস্যা ও সম্ভাবনা, প্রযুক্তি উদ্যোক্তা, মুক্ত দর্শন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। বক্তারা বলেন, দিন যত যাচ্ছে মুক্ত পেশা, মুক্ত সফটওয়্যারের গুরুত্ব বেড়েই চলেছে। তাই মুক্ত সফটওয়্যার ব্যবহারের বিষয়ে সবার এগিয়ে আসা উচিত। সেমিনার শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় একটি আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। —রংপুর অফিস