বেচাকেনার ধুম লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে বেচাকেনার শ্রেণীবদ্ধ (ক্লাসিফায়েড) বিজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইটগুলো সম্প্রতি বেশ সাড়া জাগিয়েছে; বিশেষ করে চলতি বছরে বাংলাদেশে সেলবাজার, বিক্রয় ডটকম এবং ওএলএক্স ডট কমের কারণে অনলাইনের মাধ্যমে বেচাকেনার বিষয়টা জনপ্রিয় হয়েছে। তিনটি সাইটই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মালিকানাধীন। এসব সাইটে প্রায় সব ধরনের পণ্যই বেচাকেনা করা যায়। প্রতিটি সাইটেই আছে এলাকাভিত্তিক পণ্য বেচাকেনার সুবিধা। এই তিনটি ওয়েবসাইট সম্পর্কে জানতে প্রজন্ম ডটকমের পক্ষ থেকে একই রকম প্রশ্ন করা হয়েছিল। এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ওএলএক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক ওক্সেনফোর্ড, সেলবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা, আরিল্ড ক্লোক্করহৌগ এবং বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন।

বেচাকেনার ধুম লেগেছে
বেচাকেনার ধুম লেগেছে

এখন পর্যন্ত ওয়েবসাইটের সাড়া কেমন পাচ্ছেন?

আরিল্ড ক্লোক্করহৌগ
আরিল্ড ক্লোক্করহৌগ

আরিল্ড ক্লোক্করহৌগ: খুবই ভালো। যেহেতু আমাদের ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত, তাই আগের চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। প্রায় প্রতিটি বিভাগেই নিবন্ধনের সংখ্যা বাড়ছে।
অ্যালেক ওক্সেনফোর্ড: অসাধারণ। অক্টোবর মাস থেকে আমরা বাংলাদেশে টিভি বিজ্ঞাপন প্রচার করছি।অনেক সাড়া পেয়েছি এবং এই অনলাইন প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে গিয়েছি।
ঈশিতা শারমিন: বিক্রয় ডটকম শুরু থেকেই খুব ভালো সাড়া পাচ্ছে। অ্যালেক্সা রেটিংয়ে বাংলাদেশ থেকে দেখা সাইটগুলোর মধ্যে বিক্রয়ের অবস্থান ২১তম।
দিনে কী পরিমাণ নতুন বিজ্ঞাপন প্রকাশ করা হয়?
ঈশিতা: প্রতিমুহূর্তে নতুন বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে। কোম্পানির নীতিমালা অনুযায়ী সংখ্যাটা বলতে পারছি না। তবে এ মুহূর্তে বিক্রয় ডটকমে সাড়ে তিন লাখের বেশি বিজ্ঞাপন রয়েছে।

আরিল্ড: প্রায় ছয় হাজার বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মোবাইল ফোন ও ল্যাপটপের বিজ্ঞাপন উল্লেখযোগ্য।
অ্যালেক: সাড়ে চার মাসে এক লাখের বেশি বিজ্ঞাপন আমাদের ওয়েবসাইটে দেখতে পেয়েছি, যা আমাদের কাছে অসাধারণ একটি অনুভূতি।

বাংলাদেশে ক্লাসিফায়েড সাইটের বাজার কেমন?
আরিল্ড: খুবই ভালো। দিনে দিনে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। ডিজিটাল যুগে ঘরে বসে কেনাবেচা করার সুবিধা থাকায় এসব ক্লাসিফায়েড বাজারের চাহিদা বেড়েছে। ভবিষ্যৎও খুব ভালো।
অ্যালেক: অনলাইনের এ রকম ব্যবহার যেকোনো দেশের জন্য দরকারি। বিশ্বের ১০০টির বেশি দেশে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়ার এমন ক্লাসিফায়েড সাইট আছে। বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশ। ইন্টারনেটের ব্যবহারও দিন দিন বেড়েই চলেছে। মধ্যবয়স্ক এবং তরুণদের জন্যই আজকের এই ক্লাসিফায়েড বাজার।
ঈশিতা: এ দেশে পুরোনো বা সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবেচার সঠিক জায়গা ছিল না। বিক্রয় ডটকমে বিক্রেতা নিজেই নিজের যেকোনো জিনিস বিক্রি করতে পারছে।

আপনারা বেশ বড় বিনিয়োগে ক্লাসিফায়েড সাইট চালু করেছেন। ব্যাপক প্রচারণাও করছেন। কবে থেকে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন?

ঈশিতা শারমিন
ঈশিতা শারমিন

ঈশিতা: আসলে প্রচারণা ছাড়া কোনো ভালো পণ্য সফল হতে পারে না। আমরা যাত্রার শুরুতে প্রচারণা চালিয়ে ব্যবহারকারীদের এই সাইটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছি, এখন আমাদের সাইট প্রচারণা ছাড়াই সহজাতভাবে বেড়ে চলেছে। শিগগিরই আমরা আয় করা শুরু করব।
আরিল্ড: যাঁরা এই ওয়েবসাইটটিতে বিনিয়োগ করেছেন, তাঁদের আরও কয়েক বছরের জন্য পর্যাপ্ত পরিমাণে তহবিল আছে। ব্যবহারকারীরা সাইটটির জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করছেন। আমরা সাইটটি আরও বেশি জনপ্রিয় করতে চাই। আপাতত লাভের কথা ভাবছি না।
অ্যালেক: ওএলএক্স পুরোপুরি নির্ভর করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং এর মানের ওপর। এখনো আমরা আয়ের দিকটা দেখছি না। আমরা এখন বাজার তৈরির কাজ করে যাচ্ছি। ওয়েবসাইটটির উন্নয়ন ও জনপ্রিয়তার দিকে লক্ষ রাখতে পারলেই এই ব্যবসায় ভালো করতে পারব।

আপনাদের সাইটের আয়ের মূল উৎস কী?

আরিল্ড: যেহেতু এই সাইটটি সবার জন্য উন্মুক্ত, তাই আমরা এখন আয় করার কোনো চিন্তাভাবনা করছি না। কিন্তু ভবিষ্যতে কিছু কিছু প্রিমিয়াম বিজ্ঞাপন যেমন: কেউ যদি বিজ্ঞাপন আকর্ষণীয় করতে চায়, সে জন্য আমরা খুব ছোট একটা চার্জ নিতে পারি। সে বিষয়ে এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

ঈশিতা: এ মুহূর্তে আমাদের কোনো আয় নেই। তবে আমরা সাইটটিতে বাণিজ্যিক মানে ব্যানার বিজ্ঞাপন এবং পেইড ফিচার শুরু করতে যাচ্ছি। এগুলো হবে আয়ের মূল উৎস।

ভুয়া বিজ্ঞাপন শনাক্ত করার বা যে বিজ্ঞাপনটি আসছে, সেটির তথ্য ঠিক কি না, তা যাচাইয়ের কোনো ব্যবস্থা কি আছে?
অ্যালেক: ব্যবহারকারীদের সুরক্ষার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। আমাদের কিছু শর্ত এবং নিয়মাবলি আছে, যা বিজ্ঞাপন দেওয়ার আগে প্রত্যেক ব্যবহারকারীকে মেনে চলতে হয়। যদি কোনো নকল বিজ্ঞাপন পাই, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ওই বিজ্ঞাপনটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলি। বিজ্ঞাপনদাতার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করি।
আরিল্ড: হ্যাঁ, আছে। কেউ কোনো বিজ্ঞাপন আমাদের সাইটে দিলে আমরা তার আগের লেনদেন দেখি। এর সঙ্গে বিজ্ঞাপনটি ঠিক আছে কি না এবং সব তথ্য ঠিকভাবে আছে কি না, সেটাও দেখি। সব তথ্য যদি ঠিকভাবে না থাকে, তাহলে আমরা ফোন করে যাচাই করে নেওয়ার চেষ্টা করি।
ঈশিতা: অবশ্যই। বিক্রয় ডটকমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিরাপদ, সুন্দর ও সুনিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি। আমাদের একটি বড় দল এ ব্যাপারে ২৪ ঘণ্টা কাজ করছে।

যখন বেচাকেনা সম্পন্ন হয় অর্থাৎ ক্রেতা যখন বিক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন, তখন প্রতারণার ঘটনা ঘটতে পারে। এ রকম হলে আপনারা কী ব্যবস্থা নেন?
আরিল্ড: জিনিসপত্র কেনার আগে কী কী যাচাই করতে হবে, সে বিষয়ে নিয়মাবলি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। সেসব নিয়ম মেনে বেচাকেনা করলে প্রতারণার শিকার হতে হয় না। যেহেতু আমরা ক্রেতা ও বিক্রেতার সঙ্গে সম্পৃক্ত নই, তাই আমরা বেচাকেনার প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করতে বলে থাকি।

অ্যালেক ওক্সেনফোড
অ্যালেক ওক্সেনফোড

অ্যালেক: ওএলএক্স সম্পূর্ণ উন্মুক্ত একটি ওয়েবসাইট। আমরা কখনোই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মধ্যস্থতা করি না। কোন জিনিস কীভাবে কিনতে হবে, সে সম্পর্কে সাইটে নিয়মাবলি দেওয়া আছে। যদি কেউ আমাদের কাছে অভিযোগ করে তাহলে আমরা যত দ্রুত সম্ভব নকল বিজ্ঞাপনটি সরিয়ে ফেলি।
ঈশিতা: বিক্রয় ডটকম কখনোই বেচাকেনার সময় জড়িত থাকে না। আমরা সে কারণেই যোগাযোগের আগে ক্রেতা-বিক্রেতাকে সতর্ক করে থাকি। আমরা বলি নিজ এলাকায় লেনদেন করুন, বিক্রেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করুন, পণ্যটি ভালোভাবে যাচাই করে নিন এবং পুরোপুরি সন্তুষ্ট হলে তারপর দাম পরিশোধ করুন। টাকা-পয়সা ও পণ্য একসঙ্গে বিনিময় করুন।

ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আরিল্ড: যেহেতু ইন্টারনেটের মাধ্যমে বেচাকেনা করার উপায়ের আমরাই পথপ্রদর্শক এবং অভিজ্ঞ, তাই আমরা আমাদের ওয়েবসাইটকে অনেক ওপরে নিয়ে যেতে চাই। আমরা এই ওয়েবসাইটকে আরও বেশি উন্নত এবং সহজ করে তুলব দেশের মানুষের জন্য। 

ঈশিতা: বিক্রয় ডটকম প্রতিনিয়ত কারিগরি সামর্থ্য বাড়িয়ে যাবে এবং নতুন বছরে আমরা নতুন নতুন বিপণন পরিকল্পনা করব।
অ্যালেক: খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক সাফল্য পেয়েছি। এ থেকে বোঝা যায়, ক্লাসিফায়েড বাজারে আমাদের চাহিদা রয়েছে। আমরা এই বাজারের জন্য আরও বিনিয়োগ করতে চাই। আমরা আমাদের অভিজ্ঞতা এবং পরিশ্রম দিয়ে এই ওয়েবসাইটটি দেশের প্রত্যেক মানুষের কাজে লাগাতে চাই।

আরিল্ড ক্লোক্করহৌগের সাক্ষাৎকার নিয়েছেন তন্ময় দেবনাথ। অ্যালেক ওক্সেনফোর্ড ও ঈশিতা শারমিনের সাক্ষাৎকার ই-মেইলে নেওয়া হয়েছে।

বিক্রয় ডটকম (www.bikroy.com)
ইলেকট্রনিক বিভিন্ন পণ্য, জমিজমা, গাড়ি এবং অন্যান্য জিনিস বেচাকেনার জন্য বিক্রয় ডটকম জনপ্রিয় একটি ওয়েবসাইট। ২০১২ সালে এর যাত্রা শুরু হয়। বিক্রয় ডটকমে বিনা মূল্যে বিজ্ঞাপন দেওয়া যায়। ওয়েবসাইটটি বর্তমানে ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই রয়েছে। বিক্রয় ডটকমের মূল প্রতিষ্ঠান সুইডেনভিত্তিক সল্টসাইড।

সেলবাজার ডটকম (www.cellbazaar.com)
২০০৬ সালে সেলবাজারের যাত্রা শুরু হয়। তখন মূলত মুঠোফোনের এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে পণ্য বেচাকেনা চলত। এই ওয়েবসাইটে সম্পূর্ণ বিনা মূল্য্লে বিজ্ঞাপন দেওয়া যায়। বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই ওয়েবসাইটটি ব্যবহার করা যায়। এটি নরওয়েভিত্তিক টেলিনর গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান।

ওএলএক্স ডটকম (www.olx.com)
২০০৬ সালে ওএলএক্স যাত্রা শুরু করে। এর প্রধান কার্যালয় আর্জেন্টিনার বুয়েনেস এইরেসে। ওএলএক্স ১০৫টি দেশে কাজ করছে। গত আগস্ট মাসে বাংলাদেশে ওএলএক্সের যাত্রা শুরু হয়। এতেও বিভিন্ন পণ্য, জমিজমা, গাড়ি এবং অন্যান্য জিনিস সম্পূর্ণ বিনা মূল্য্লে বেচাকেনা করা যায়। এ ওয়েবসাইটটিতে এখনো ইংরেজি ভাষায় বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে।