বেচারা ওবামা!

হোয়াইট হাউসের ওভাল অফিসের কাঠের জাঁকালো টেবিলটার ওপাশে স্মার্টফোন হাতে বসা প্রথম প্রেসিডেন্ট তিনি। আইপ্যাড হাতে দেখা গেছে তাঁকে, কবজিতে তাঁর পরিধেয় প্রযুক্তির ব্যান্ড ফিটবিট উঠেছে। তিনি যে প্রযুক্তিপ্রেমী, যন্ত্র ভালোবাসেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই কোনো। তিনি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট, তিনি বারাক ওবামা।
এ পর্যন্ত ঠিক আছে। তবে শিরোনামের সঙ্গে মেলাতে গিয়েই বাধে যত বিপত্তি। যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা প্রেসিডেন্ট ওবামার হাত দিয়েই অনুমোদন পায়। সেটা রাষ্ট্রের নিরাপত্তানীতি থেকে শুরু করে, অর্থনীতি হোক কিংবা সমরনীতি। এদিকে প্রযুক্তিপণ্য মানেই তো যোগাযোগ। ‘অলওয়েজ অন, অলওয়েজ কানেকটিভিটি’র যুগে তথ্য পাচার হয়ে যাওয়ার যথেষ্ট আশঙ্কা তৈরি হতে পারে। ওত পেতে থাকা মানুষের সংখ্যা তো কম না! প্রেসিডেন্টের নিরাপত্তার ভার যাদের ওপর ন্যস্ত, তাঁরা কি এই ফাঁকফোকর রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারেন!
মনে করুন, আইপ্যাডের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দিয়ে যদি কেউ প্রেসিডেন্টের অবস্থান জেনে যায়? কিংবা তাঁর ই-মেইলগুলোও তো হ্যাক হতে পারে। অথবা মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকের গুরুত্বপূর্ণ সব কথা যদি তাঁর স্মার্টফোনের মাইক্রোফোনের মাধ্যমে দুর্বৃত্তের কানে পৌঁছে যায়? প্রেসিডেন্টের তথ্যপ্রযুক্তি বাহিনীর জন্য ব্যাপারটা দুঃস্বপ্নের মতো। আর তাই প্রেসিডেন্ট যে যন্ত্রটির ফরমাশ দেন, তা রীতিমতো পরীক্ষাগারে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা হয়ে তবেই তাঁর হাতে ওঠে। প্রক্রিয়াটা ঠিক কী তা জানার উপায় নেই। তবে নিউইয়র্ক টাইমসকে দেওয়া অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস ই কার্টরাইটের সাক্ষাৎকারে জানানো অভিজ্ঞতা থেকে কিছুটা আঁচ করা যায়।
একবার গোপন এক বৈঠকে প্রেসিডেন্টের সামনে কোনো কিছু পেশ করার কথা ছিল তাঁর। হয়তো উপস্থাপনার স্বার্থেই হবে, এক আইপ্যাড নিয়ে সে কক্ষে ঢুকতে চেয়েছিলেন তিনি। সে যন্ত্রটিও প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর হাত হয়ে যেতে হয়েছে। জেনারেল কার্টরাইটের ভাষায়, শেষ পর্যন্ত আমার হাতে যা উঠল তা হলো ‘অকর্মা’ এক আইপ্যাড। তথ্য আদান-প্রদান করতে পারে, এমন যত যন্ত্র ছিল তা খুলে নেওয়া হয়েছিল।
ওবামার হাতে ওঠা সব প্রযুক্তিপণ্যের ভাগ্যেই যে এমন করুণ পরিণতি জুটেছে তা সহজেই অনুমেয়। ব্লুটুথ, ক্যামেরা, জিপিএস, ওয়াইফাই—সবকিছুই খুলে নেওয়া হয়। তবে আর প্রযুক্তিপণ্য ব্যবহারের মজা কই? ওবামা প্রথম টুইট করেছিলেন তাও অন্য একজনের কাছ থেকে আইফোন চেয়ে নিয়ে। নিজে কেন আইফোন ব্যবহার করেন না? এক সাক্ষাৎকারে উত্তরটা দিয়েছিলেন এমন, নিরাপত্তার স্বার্থে আইফোন ব্যবহারের অনুমতি নেই আমার। আহারে বেচারা!
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, এমআইটি টেকনোলজি রিভিউ।