বেদনার রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মাত্র সাত দিনের ভিসা নিয়ে মাকে দেখতে যাই ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে। ঘরে ঢুকে মাকে দেখেই আমার বুক ফেটে কান্না এল। কাছে বসতেই মা আমার হাতটা তার বুকে শক্ত করে চেপে ধরল। বলল, ‘এসেছিস!’ কেউ এলেই নাকি মা বলত, ‘শিপুনা এলি?’
মা কিছু খেতে পারত না। আমি জোর করে খাওয়াতাম। তারপর দাদা ও আমি একদিন মাকে স্নান করিয়ে বারান্দার রোদে বসালাম। মাকে দেখে মনে হলো, মা ভালো হয়ে গেছে। সেই সুযোগে আমি বললাম, ‘মা আমি পরশু চলে যাব।’ মা বলল, ‘আর কটা দিন থাকবি না?’ আমার ভিসার সমস্যাটা মাকে বুঝিয়ে বললাম। তখনই মা চুপ হয়ে গেল। মাকে ঘরে নিয়ে শুইয়ে দিলাম। পরের দিন থেকে মার আর সাড়াশব্দ নেই। মোটামুটি কোমায়। তার পরদিন ভোরে মৃত্যুশয্যায় মাকে রেখেই আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো। আসার সময় কতবার ‘মা, মা’ বলে ডাকলাম, কিন্তু মা আমার দিকে তাকালো না। বুঝলাম, মায়ের অভিমান হয়েছে আমার ওপর। কিন্তু কী করব, আমাকে তো চলে আসতেই হবে।
সেদিন কলকাতায় এলাম। পরদিন অর্থাৎ ২০০০ সালের ৭ জানুয়ারি ঢাকায়। ঢাকায় পৌঁছেই খবর পেলাম, ওই দিনই ভোর বেলায় সবাইকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে লাহিড়ীমোহনপুরের জমিদারপুত্র কমরেড অমূল্য নাথ লাহিড়ীর স্ত্রী শান্তিলতা লাহিড়ী—আমার মা। সময় হিসাব করে দেখলাম, মা যখন চলে যায়, আমি তখন দর্শনায় আমার ছেলের হাত ধরে ঢাকার উদ্দেশে বাসে উঠছি। সেবার খুব ঠান্ডা পড়েছিল এবং সেই দিনটা ছিল কুয়াশায় ঢাকা।
আমি তখনো জানি না মা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গের উদ্দেশে। সেদিন মনটা আমার খুব খারাপ লাগছিল। বুকটা বারবার কেঁপে উঠছিল, মাকে কি আর কোনো দিন দেখতে পাব না? আমার ছেলে অনেকবার প্রশ্ন করেছে, ‘মা, দিদার জন্য তোমার কষ্ট হচ্ছে না?’
আমার মা লাহিড়ীমোহনপুরের জমিদার বংশের বউ হয়েও অনেক সাধারণভাবে জীবন কাটাতেন। বাবা রাজনীতি করার কারণে মাকেই পুরো সংসার সামলাতে হতো। আরেকটা স্মৃতি খুব মনে পড়ে, আমাদের বাড়িতে অনেক বড় পাঁচটি সিঁড়ি ছিল, যা পেরিয়ে ঘরে উঠতে হতো। মা প্রতিদিন বিকেলে ওই সিঁড়িতে বসত। পাড়ার যত লোকজন, সবাই এসে ওই সিঁড়িতে বসে গল্প করত, চা খেত। আমার মা যত মানুষের ‘মা’ ডাক শুনেছে, আমার মনে হয় আর কেউ এত ‘মা’ ডাক শোনেনি।
শিপ্রা মুখার্জি
ফার্মগেট, ঢাকা