বেপজায় সফটওয়্যার দিয়ে অনুমতিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগেও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) আমদানি অনুমতিপত্র বের করতে অনেক কাঠখড় পোড়াতে হতো। সফটওয়্যার ব্যবহার করে আগের তুলনায় এখন অনেক কম সময়ে কাজ সারা হচ্ছে। ‘বেপজা অটোমেশন সিস্টেম’ নামের সফটওয়্যারটি তৈরি করেছে বিজনেস অটোমেশন লিমিটেড।ঢাকা ইপিজেডে প্রায় সব প্রতিষ্ঠানকে রপ্তানি বা আমদানির জন্য আমদানি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) ইন্টারনেটের মাধ্যমে দাখিল করতে হয়, যার অধিকাংশ বিনিয়োগকারী বিদেশি। কাউকে আবেদন করতে হলে আগে সশরীরে যেতে হতো। এখন আর কাউকে সশরীরে যেতে হয় না। ঢাকা ইপিজেডে ১০১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৬৯টি বিদেশি। বাকি ২১টি স্থানীয় ও ১১টি যৌথ বিনিয়োগকারী। অটোমেশন পদ্ধতির মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করার জন্য ইপিজেড কার্যালয়ে যেতে হয় না। নিজ কার্যালয়ে বসেই অনলাইনে বেপজার অনুমোদন পাওয়া যাচ্ছে। বিজনেস অটোমেশনের মহাব্যবস্থাপক মো. রেজাউল করিম জানালেন, এ সফটওয়্যার ব্যবহারের ফলে এখন প্রতিদিন ঢাকা ইপিজেড ৫০০ থেকে ৬০০ আমদানি অনুমতিপত্র দিয়ে থাকে। আগের তুলনায় এক-পঞ্চমাংশ সময় কম লাগছে। এই সেবার পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছে মুঠোফোনে খুদেবার্তা সেবা। —ফেরদৌস ফয়সাল