বেশ কেটেছে বেশতোর এক বছর
‘বেশতো’র অস্তিত্বের সঙ্গে ভাষা ও বাঙালি সংস্কৃতির সম্পর্ক খুব ঘনিষ্ঠ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দেশীয় সংস্কৃতি এবং মূলধারার জীবনযাত্রাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা আমাদের উদ্দেশ্য।’ ঢাকায় গত বৃহস্পতিবার বাংলা ভাষার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘বেশতো’র এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন বেশতোর অন্যতম প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।
বেশতো সাইটের নকশাকার মেহেদী হাসান বলেন, বাঙালি সংস্কৃতিচর্চার মাধ্যমে অনলাইনে বাংলা ভাষার আবহটাকে ফুটিয়ে তোলাই বেশতোর কাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেশতোর অন্যতম প্রতিষ্ঠাতা মোবাশ্বের হোসেন, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার শিহাবুল ইসলামসহ বেশতোর সদস্যরা।
বর্তমানে ৫০ হাজারের বেশি ইন্টারনেট ব্যবহারকারী বেশতো ব্যবহার করছেন।
কয়েকটি বিভাগে বিভক্ত হয়ে বেশতোর অনেকগুলো সেবা চালু আছে। বেশতোর কার্যক্রম শুরু হয় খুদে ব্লগ আর প্রশ্নোত্তর সেবার মাধ্যমে। এখন আছে খবর, শপিং, বেশর্টুন (বেশতোর নিজস্ব ঢঙের কার্টুন), কনটেন্ট ভোটিং এবং ইউজার র্যাঙ্কিং। এখন পর্যন্ত বেশতোর ওয়েবসাইটে সাত লাখের বেশি কনটেন্ট পোস্ট করা হয়েছে। বেশতোর সদস্যদের করা ১৮ হাজার প্রশ্নের উত্তর এসেছে ৫৮ হাজারের বেশি। সাইটটির ঠিকানা: www.beshto.com।
—মো. রাফাত জামিল