বেশির ভাগ ক্ষেত্রেই সেবা নেওয়ার মানুষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁত্তে গোটা রাইত খাইল্লা ইন চইদি থন পরে।’ অর্থাৎ ‘আমাকে সারা রাত শুধু এসব জিনিস পাহারা দিয়ে কাটাতে হয়। আঞ্চলিক ভাষায় বললেন চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চৌকিদার মো. আবুল কাশেম। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) কম্পিউটার, প্রিন্টার, ইউপিএস, ওয়েবক্যাম, মডেম ইত্যাদি প্রযুক্তিপণ্য পাহারা দেওয়ার জন্যই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। একটি পুরোনো জরাজীর্ণ ভবনের এক কোনে সাজিয়ে রাখা হয়েছে সেগুলো। দীর্ঘদিন এগুলোর কোনো ব্যবহার নেই। কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে তাই সযত্নে। দুজন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে কেন্দ্রে বসানো হলেও লোকজন না আসায় তাঁরাও বেশি দিন থাকেননি। গত ৩০ অক্টোবর সরেজমিন গিয়ে এ চিত্র দেখা যায়। চট্টগ্রামের বেশিরভাগ ইউআইএসসির চিত্র এমনই।প্রতিষ্ঠার প্রায় এক বছর গড়িয়ে গেলেও প্রচার-প্রচারণা না থাকায় চট্টগ্রাম জেলার স্থাপিত বেশির ভাগ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রই সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করেন। একইদিনে চালু হয় চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার ১৯৫টি ইউআইএসসি।চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিতভাবে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছি। এর মধ্যে বেশ কিছু সেবাকেন্দ্রে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে। তা ছাড়া কোনো কিছু শুরু করলে তা চালু হতেও কিছু সময়ের প্রয়োজন। উদ্যোক্তাদের নিজস্ব দক্ষতার ওপরও এর প্রচার-প্রসার নির্ভর করছে।’ তিনি এসব কেন্দ্রের স্থবিরতার জন্য নবনির্বাচিত চেয়ারম্যানদের যথাযথ ধারণার অভাবকে দায়ী করেন। কারণ, পুরোনো চেয়ারম্যানদের সেবাকেন্দ্রের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। গত ২৯ অক্টোবর দুপুরে মিরসরাইয়ের ৯ নম্বর মিরসরাই ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেটি বন্ধ। স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, সরকারি ছুটির দিন বলে হয়তো বন্ধ রয়েছে। তবে অন্য সময়ে এখানে কাজ চলে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উদ্দিন চৌধুরী সেবাকেন্দ্র ভালোভাবে চলছে দাবি করেন।বিকেল সাড়ে তিনটায় একই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে গিয়েও তালা ঝুলতে দেখা যায়। তথ্যকেন্দ্রের উদ্যোক্তা মো. আবদুল হালিম মুঠোফোনে বলেন, ‘সেবাকেন্দ্রে লোকজনের উপস্থিতি খুব কম। আর যাঁরা আসেন, তাঁদের চাহিদামতো সব কাজই করে দেওয়া হয় এখানে।’ বিকেল চারটায় মহাসড়কের পাশে অবস্থিত মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউপির কেন্দ্রটি খোলা পাওয়া গেলেও কোনো লোকজন সেখানে দেখা যায়নি।ইউপি চেয়ারম্যান মকসুদ আহমেদ চৌধুরী বলেন, ‘প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তথ্যকেন্দ্র খোলা থাকে।’ এখানে যন্ত্রপাতি সবই আছে। কিন্তু এর পরও সেবা নেওয়ার হার আশানুরূপ নয় বলে জানান চেয়ারম্যান। ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় রাউজানের ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন সেবাকেন্দ্রে গিয়েও কোনো উদ্যোক্তার দেখা মেলেনি। ইউনিয়ন পরিষদ সচিব শরীফুল ইসলাম বলেন, উদ্যোক্তার ভাই বিদেশ যাচ্ছেন। তাঁকে বিদায় জানাতে গেছেন তিনি। এখানে সেবা নিতে তেমন কেউ আসেন না বলে জানান সচিব। একই উপজেলার ১০ নম্বর পূর্বগুজারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে কোনো তথ্যকেন্দ্রের হদিস মেলেনি। খোঁজ নিয়ে জানা গেল, ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হামজারপাড়া এলাকায় চেয়ারম্যান আব্বাসউদ্দিন আহমেদের বাড়ির কাছে স্থাপন করা হয়েছে সেবাকেন্দ্রটি। কিন্তু এখানেও কোনো উদ্যোক্তার দেখা পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘নিরাপত্তার কারণে আমরা ইউআইএসসি সরিয়ে এনেছি।’ রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র ঘুরেও একই চিত্র দেখা যায়। সেবা নেওয়ার মতো কেউ নেই।উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রচারণা না থাকায় লোকজন জানে না এসব কেন্দ্রে কী হয়। ১৫ নম্বর লালানগর ইউনিয়ন পরিষদের ইউআইএসসির উদ্যোক্তা ছাইদুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রতিবেদন তৈরি ও অভিযোগসংক্রান্ত কিছু দরখাস্ত লেখা ছাড়া আর কিছুই হয় না আমাদের এখানে। প্রচারণার অভাবে ইউনিয়নের জনসাধারণ এ সম্পর্কে সচেতন নয়। ফলে অনেকটা বিনা মজুরিতেই সেবা দিতে হচ্ছে।’ —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম