ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার ঘটানো হয়েছে। ই-বুক, ই-তথ্য কোষ, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপন করাসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ক্রমান্বয়ে দেশের সব জেলা পরিষদ কার্যালয় ডিজিটাল করা হচ্ছে। এভাবে নানা ধরনের সীমাবদ্ধতা দূর হচ্ছে। যা ডিজিটাল বাংলাদেশের গতি বৃদ্ধিতে সহায়তা করছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিজিটাল হলে দেশ আরও এগিয়ে যাবে। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইয়ের সভাকক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ: বেসরকারি খাত প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) পরিচালক নজরুল ইসলাম খান এসব কথা বলেন।সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল সেবা বেড়েছে। কিন্তু এই সেবা আরও টেকসই করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। ডিজিটাল সেবার মান বৃদ্ধি করার জন্য দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি আইসিটি ব্যবহারের মাধ্যমে বেসরকারি খাত ও বাজারকে আরও উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে কিন্তু এখনো ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ কর কমায়নি। এ ছাড়া মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মাধ্যমে শিক্ষা দানের যে ধারা শুরু হয়েছে, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মূল্য বৃদ্ধি সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এসব দিক বিবেচনার কথা বলেন তিনি। সেমিনারে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, এটুআই প্রকল্পের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী, পরামর্শক মানিক মাহমুদসহ আরও অনেকে বক্তৃতা করেন। —মোছাব্বের হোসেন