বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকই ভরসা
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলছে মূলত খণ্ডকালীন শিক্ষকদের কাঁধে ভর দিয়ে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকদের তুলনায় পাঁচ গুণ বেশি। তাঁদের মধ্যে আবার প্রাধান্য প্রভাষকদের।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকের এক-তৃতীয়াংশ হওয়া বাঞ্ছনীয়। দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের তীব্র সংকট।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, সার্বক্ষণিক একজন অধ্যাপক এক লাখ টাকার নিচে বেতন নিতে রাজি হন না। এর অর্ধেক খরচে একজন অধ্যাপককে অনায়াসে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাওয়া যায়। সে সুযোগটা বেসরকারি বিশ্ববিদ্যালয় কাজে লাগায়। তিনি বলেন, গোটা দেশেই অধ্যাপকের অভাব রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও এই সংকট আছে। মঞ্জুরি কমিশন সমস্যা সমাধানের চেষ্টা করছে।
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিসের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম হায়দার বলেন, ‘এই মুহূর্তে ৩২টি সরকারি ও ৭৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সরকার রাজনৈতিক বিবেচনায় একটার পর একটা বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়ে যাচ্ছে। এত অধ্যাপক কোথায় পাব আমরা?
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বলছেন, খণ্ডকালীন শিক্ষকেরা তাঁদের ভোগান্তির কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন ছাত্র বলেন, তাঁদের বিভাগের কোনো শিক্ষক ছয় মাসের আগে পরীক্ষার ফল দিতে পারেন না।
অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষকেরা আসেন, তাঁরা ক্লাস নিয়েই চলে যান। কোনো বিষয় বুঝতে না পারলেও তাঁদের কিছুই করার থাকে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিস্থিতি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১২ সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, কাগজে-কলমে বাংলাদেশের ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক শিক্ষকের সংখ্যা বেশি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে সার্বক্ষণিক শিক্ষকের সংখ্যা আট হাজার ১৭৮, খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা তিন হাজার ৯৩৫।
তবে বিশ্ববিদ্যালয়গুলোতে সার্বক্ষণিক অধ্যাপকের সংখ্যা ৬২৩ জন, খণ্ডকালীন অধ্যাপকের সংখ্যা এক হাজার ৬৬ জন। সার্বক্ষণিক শিক্ষকের তালিকাজুড়েই রয়েছে প্রভাষকদের আধিপত্য। দেখা যাচ্ছে, সার্বক্ষণিক আট হাজার ১৭৮ জন শিক্ষকের মধ্যে পাঁচ হাজার ২৬৪ জন হলেন প্রভাষক। খণ্ডকালীন প্রভাষকের সংখ্যা মাত্র এক হাজার ২৭৪ জন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পুরোনো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এখানে সার্বক্ষণিক অধ্যাপক আছেন ২৪ জন, সহযোগী অধ্যাপক ২৪, সহকারী অধ্যাপক ৩৮ এবং প্রভাষক ২১৫ জন। এই বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়টিতে খণ্ডকালীন অধ্যাপক আছেন ৭৩ জন এবং সহযোগী অধ্যাপক ৩২ জন।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে সার্বক্ষণিক অধ্যাপক আছেন ১৩ জন, আর খণ্ডকালীন অধ্যাপকের সংখ্যা ২৩। সার্বক্ষণিক সহযোগী অধ্যাপক আছেন ১৪ জন, খণ্ডকালীন শিক্ষক ১৮ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর রায়হান প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতাসম্পন্ন শিক্ষকের সংকট প্রকট। ব্যবসায় প্রশাসনে সহকারী অধ্যাপক পদে পিএইচডিধারী শিক্ষকের খোঁজে পাঁচ বছর ধরে বিজ্ঞাপন দিয়ে আসছি আমরা। কিন্তু পাচ্ছি না।’
সার্বক্ষণিক ও খণ্ডকালীন শিক্ষকের অনুপাতের ভারসাম্যহীন অবস্থাও আছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সার্বক্ষণিক অধ্যাপক আছেন ১২ জন আর খণ্ডকালীন ৬৫ জন। গ্রিন ইউনিভার্সিটিতে তিনজন সার্বক্ষণিক আর ১৫ জন অধ্যাপক খণ্ডকালীন। স্টেট ইউনিভার্সিটিতে ১২ জন সার্বক্ষণিক ও ৪৫ জন খণ্ডকালীন অধ্যাপক আছেন। এই বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক সহযোগী অধ্যাপক চারজন, খণ্ডকালীন অধ্যাপক আছেন ২৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খণ্ডকালীন শিক্ষক হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন। ফলে সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কী বলে: খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকের এক-তৃতীয়াংশের বেশি হওয়া বাঞ্ছনীয় নয় বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনে করে। কিন্তু এটি কোনো আইন নয় বলে বিশ্ববিদ্যালয়গুলো সার্বক্ষণিক শিক্ষকের তালিকায় প্রভাষকের সংখ্যা বাড়িয়ে ভারসাম্য করার চেষ্টা করে থাকে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স শুরু করতে হলে ওই বিভাগে একজন অধ্যাপক বা তিনজন সহযোগী অধ্যাপক ও চারজন প্রভাষক থাকার শর্ত বেঁধে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় অনুমোদনের সময় যেসব কাগজপত্র জমা দেয়, বাস্তবে তার সঙ্গে অনেক সময়ই মিল পাওয়া যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একটির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার অনুমতি পান না। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসা খণ্ডকালীন শিক্ষকেরা একাধিক বিশ্ববিদ্যালয়ে একই দিনে পড়ান।
এ প্রসঙ্গে অধ্যাপক এ কে আজাদ চৌধুরী জানান, তিনিসহ কমিশনের সদস্যরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা সরেজমিনে দেখতে ক্যাম্পাস পরিদর্শনে যাবেন। সে অনুযায়ী ব্যবস্থাও নেবেন।