বেসিস আউটসোর্সিং পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ প্রাপ্তদের সংবর্ধনা দিল ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। গতকাল ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধিত করা হয়। এতে পুরস্কারপ্রাপ্ত ৮২ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘সরকািরভাবে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় আগামী দুই বছরের মধ্যে ৫৫ হাজার দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তোলা হবে। আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের তরুণেরা অত্যন্ত মেধাবী, উদ্যমী ও কর্মঠ। একটু উৎসাহ ও অনুপ্রেরণা পেলে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে পারবে। শুধু আউটসোর্সিং কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, প্রাতিষ্ঠানিক ডিগ্রিরও প্রয়োজন রয়েছে।’ ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘আউটসোর্সিং কাজকে উৎসাহিত করতে ডিআইইউতে ফ্রিলান্সারদের জন্য সব রকম সুবিধাসংবলিত একটি স্টার্ট আপ সেন্টার চালু করার পাশাপাশি বিজনেস ইনকিউবেটর চালু করা হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও বিআইজিএফের সভাপতি মুহম্মদ খান। —রাহিতুল ইসলাম