বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজির যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে সফটওয়্যার শিল্পের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেসিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘আশা করছি বর্তমান প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিআইটিএম কাজ করবে। এ ধরনের উদ্যোগের ফলে বাস্তব কর্মমুখী শিক্ষার সুযোগ আরও বাড়বে।’ তিনি বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে নানা কার্যক্রম চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ২০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সুবিধা পৌঁছানোর কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, বেসিস সভাপতি মাহবুব জামান, মহাসচিব ফোরকান বিন কাশেম। অনুষ্ঠানে বিআইটিএমের নানা বিষয় তুলে ধরেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, বিআইটিএমের পরামর্শক ড্যানিয়েল ল্যালোন্ডি।অনুষ্ঠানে জানানো হয়, বিআইটিএমের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস প্রতিষ্ঠানগুলোকে সার্টিফিকেশনে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া, ঊর্ধ্বতন এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য বিশেষ কৌশলগত এবং ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বিআইটিএমের নামফলক উন্মোচন করেন। —নুরুন্নবী চৌধুরী