‘...অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’—তথ্যপ্রযুক্তিতে এখনো কথাটা ঠিক মেলানো যায় না। এই দিকটাতে নারীরা এখনো বেশ পিছিয়ে। নানা সীমাবদ্ধতা কাটিয়ে বাংলাদেশে নারীদের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে যাত্রা শুরু করল ‘বেসিস উইমেনস ফোরাম’। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই ফোরামের যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি পীরগঞ্জ গ্রামের উদাহরণ দিয়ে জানান, সৌরবিদ্যুৎ সেখানকার নারীদের জীবনে পরিবর্তন এনেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যাম সুন্দর সিকদার তাঁর বক্তৃতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় ও যোগাযোগের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ বলেন, ‘আমরা ৩০ হাজার নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করলেও তথ্যপ্রযুক্তিতে কিছু করিনি। এই দিকটা এখন গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘বাংলাদেশ লিঙ্গবৈষম্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছে। এই সূচকে ১৪৮টি দেশের মধ্যে আমাদের অবস্থান ৬৮তম।’
বেসিস উইমেনস ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামিরা জুবেরী। সংগঠনটির সম্ভাব্য কার্যক্রম তুলে ধরেন তিনি। সামাজিক সচেতনতা বাড়ানো, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নারী উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেওয়া, নারীবান্ধব নীতিনির্ধারণে আলোচনা করা এবং তাঁদের তথ্যপ্রযুক্তিতে উৎসাহিত করতে সংগঠনটি কাজ করে যাবে। এখন ২৫০ জন নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, প্রোগ্রামার এর সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এয়ারটেল বাংলাদেশের চিফ সার্ভিস অফিসার ও হেড অব এম–কমার্স রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী পরিচালক তারিন হোসেন, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সভাপতি লুনা শামসুদ্দোহাসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিসের পরিচালক এস এম আশ্রাফ আবীর ও সামিরা জুবেরী।