বেসিস নির্বাচন ২০১৬: প্রার্থী পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় সফটওয়্যার ও সেবার পক্ষে—ডিজিটাল ব্রিগেড, সদস্যরাই সবার আগে—দ্য চেঞ্জ মেকার্স
দেশের কম্পিউটার সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের সদস্যরা এবং স্বতন্ত্র প্রার্থীরা সফটওয়্যার খাতের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন। ডিজিটাল ব্রিগেড প্যানেলের দলনেতা আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার বলেছেন, তাঁর প্যানেল দেশের পক্ষে, দেশীয় সফটওয়্যারের পক্ষে কাজ করবে। অন্যদিকে দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির বলেছেন, তাঁর প্যানেল বেসিস সদস্য-প্রতিষ্ঠানের স্বার্থকেই সবার আগে গুরুত্ব দেবে। এই দুই প্যানেলের বাইরে চারজন স্বতন্ত্র প্রার্থীও বেসিস সদস্য, বিশেষ করে ছোট ছোট সফটওয়্যার প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে ২৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়৷
বেসিস নির্বাচন পরিচালনা পর্ষদ পরিচিতি সভার আয়োজন করে। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতিক-ই-রব্বানী শুরুতেই নিয়মকানুন বলে দেন। নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য নাজিম ফারহান চৌধুরীর সঞ্চালনায় প্রার্থীরা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
পরিচিতি সভায় দুটি প্যানেলের সদস্যরা নিজ নিজ প্যানেলের পোশাক পরে বক্তব্য দেন। দ্য চেঞ্জ মেকারস প্যানেল উদ্ভাবন, বিশ্বস্ততা ও টেকসই—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সফটওয়্যার শিল্প খাতকে এগিয়ে নিতে চান। এক হাজার সদস্যের সঙ্গে এক হাজার ঘণ্টা আলোচনা, সদস্যদের বিস্তারিত ডেটাবেইস গড়ে তোলার অঙ্গীকার করেন। এই প্যানেল নির্বাচিত হলে বেসিসের প্রস্তাবে বা সহায়তায় হওয়া কোনো সরকারি প্রকল্পে নির্বাহী কমিটির কোনো সদস্যের কোম্পানি অংশ নিতে পারবে না বলে উল্লেখ করেন সোনিয়া বশির কবির। পাশাপাশি সফটওয়্যারশিল্পে কাজ করার জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিগ্রিধারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ (ফিনিশিং ট্রেনিং) কেন্দ্র গড়ে তোলার কথাও বলেছেন এই প্যানেলের প্রার্থীরা। প্যানেলটির অন্য প্রার্থীরা হলেন মোস্তফা রফিকুল ইসলাম, সৈয়দ আলমাস কবির, সুফি ফারুক ইবনে আবু বকর, আজমল হক, নাজমুল করিম চৌধুরী, সাব্বির রহমান, মো. সাইদুল ইসলাম মজুমদার ও সহযোগী সদস্য জামান খান৷
সরকারের বিভিন্ন সফটওয়্যার তৈরির কাজে দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করে যাবে ডিজিটাল ব্রিগেড প্যানেল। মোস্তাফা জব্বার বলেন, এই প্যানেল বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠান এবং বেসিসের সব ধরনের সদস্য-প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে যাবে। বাংলাদেশের সফটওয়্যার বাজারে বিদেশি কোনো প্রতিষ্ঠান যেন প্রবেশ করতে না পারে, কাজগুলো দেশি প্রতিষ্ঠানই করার যোগ্যতা রাখে। এই প্যানেল নির্বাচিত হলে বেসিসের নির্বাহী কমিটির সভা বিভিন্ন এলাকায় হবে; যাতে সব সদস্যের সঙ্গে আলোচনার সুযোগ সৃষ্টি হয়। সফটওয়্যার বাজারে স্বচ্ছতা আনা, গবেষণা ও উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এই প্যানেলের সদস্যরা। ডিজিটাল ব্রিগেডের অন্য সদস্যরা হলেন রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন, এ কে এম আহমেদুল ইসলাম, দেলোয়ার হোসেন ও সহযোগী সদস্য উত্তম কুমার পাল৷
চার স্বতন্ত্র প্রার্থী—মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ ও আবদুল মতিন ভূঁইয়াও বেসিস সদস্যদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।
নির্বাহী কমিটির নয়টি পদে এবারই রেকর্ডসংখ্যক ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বেসিস নির্বাচনে।