বেসিস নির্বাচনে ২ প্যানেল ২২ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কম্পিউটার সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৬-১৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২২ জন প্রার্থী নির্বাচন করছেন৷ গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর ফলে ২৫ জুন অনুষ্ঠেয় বেসিস পরিচালনা পরিষদের নির্বাচনে নয়টি পদের জন্য লড়বেন ২২ জন প্রার্থী। বেসিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এবারের বেসিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত কয়েক বছরের মধ্যে বেশি। দুটি প্যানেলেও গঠিত হয়েছে এরই মধ্যে। ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আনন্দ কম্পিউটার্সের মোস্তাফা জব্বার। অপরদিকে দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতৃত্বে আছেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির। প্যানেল দুটির বাকি সদস্যরা হচ্ছেন ডিজিটাল ব্রিগেড: রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন, এ কে এম আহমেদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সহযোগী সদস্য হিসেবে উত্তম কুমার পাল; দ্য চেঞ্জ মেকারস: মোস্তফা রফিকুল ইসলাম, সুফি ফারুক ইবনে আবু বকর, সৈয়দ আলমাস কবির, আজমল হক, নাজমুল করিম চৌধুরী, সাব্বির রহমান, মো. সাইদুল ইসলাম মজুমদার ও সহযোগী সদস্য জামান খান৷ চার স্বতন্ত্র প্রার্থী হলেন মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ ও আবদুল মতিন ভুঁইয়া।

বে​িসসের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলই সফটওয়্যারের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বাড়ানো, বেসিস​েক আরও শক্তিশালী করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল ব্রিগেডের নেতা মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে সফটওয়্যারের অভ্যন্তরীন বাজার বাড়ছে। কিন্তু দেশি সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো কাজ কম পাচ্ছে। আমরা এ ব্যাপারে কাজ করে যেতে চাই।’ অপর দিকে সোনিয়া বশির কবির বলেন, দ্য চেঞ্জ মেকারস প্যানেল স্লোগান হিসেবে নিয়েছে ‘মেম্বারস ফার্স্ট’। বেসিস সদস্যদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সামনে আনতে চায় এ প্যানেল।