বেসিস নির্বাচনে 'টিম ৩৬০' জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের নির্বাহী কমিটির সদ্য নির্বাচিত সদস্যরা
বেসিসের নির্বাহী কমিটির সদ্য নির্বাচিত সদস্যরা

দেশের সফটওয়্যার ও আইটিইএস খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১৪-১৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ‘টিম ৩৬০’ জয়ী হয়েছে৷ এ প্যানেলের নির্বাচিত প্রার্থীরা হলেন সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান (১৫৬ ভোট), টেকনোবিডি ওয়েব সলিউশনস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ (১৪৪), অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান (১৪৩), ই-সফটের প্রধান নির্বাহী আরিফুল হাসান (১৪২), এখনি ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী শামীম আহসান (১৩৭), আপডেট সলিউশনস টেকনোলজিস লিমিটেডের পরিচালক সামিরা জুবেরী (১৩২), মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী এস এম আশরাফ খান (১২৮) এবং টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ (১২৫)। এর আগে সহযোগী সদস্য হিসেবে বেস্ট বিজনেস বন্ড লিিমটেডের ব্যবস্থাপনা পরিচালক উওম কুমার পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার কারওয়ান বাজার বিডিবিএল ভবনের বেসিস মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা এই নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল, সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ও বীরেন্দ্র এন অধিকারী৷ এ ছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন এ তৌহিদ এবং সদস্য হিসেবে সৈয়দ মামনুন কাদের ও ফোরকান বিন কাশেম দায়িত্ব পালন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল প্রথম আলোকে জানান, ‘ভোট ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করায় ফলাফল দ্রুত প্রকাশ করা সম্ভব হয়েছে৷ বেসিস নির্বাহী পরিষদে সাধারণ সদস্যদের মধ্যে ৮টি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১১ জন। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ২০১ জন এবং সহযোগী শ্রেণিতে ৯৭ জন সদস্য মিলে মোট ২৯৮ জন ভোটার ছিলেন। এর মধ্যে সাধারণ সদস্য শ্রেণিতে ১৬১ জন ভোট প্রদান করেন।’ আগামীকাল নির্বাচিত নয়জন পরিচালকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন কমিটির নাম ঘোষণা করা হবে।