দেশের কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনকে সামনে রেখে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সব প্রার্থীই বেসিসকে আরও শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার করেন। গত শনিবার রাতে ঢাকার একটি রেস্টুরেন্টে প্রার্থী পরিচিতি সভার আয়োজন করে বেসিস নির্বাচন কমিশন। বেসিসের ২০১০-১২ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ১৫ মে নির্বাচন হবে।এ নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে সরাসরি দুটি প্যানেলে ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২০৯ জন। বিজয়ী হলে নানা ধরনের কার্যক্রম করার ঘোষণা দেন প্রার্থীরা। মাহবুব জামানের নেতৃত্বে ‘দি রেইনবো’ প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ইতিমধ্যে তৈরি থাকা কয়েকটি ভবনকে আইটি পার্ক করা, বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠা, ইন্টারনেটের মূল্য কমানো, আগামী বছর বাংলাদেশে আন্তর্জাতিক আউটসোর্সিং সম্মেলন করাসহ নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।এ দলের সদস্যরা হলেন টি আই এম নূরুল কবির, ফোরকান বিন কাশেম, ফারহানা এ রহমান, এ কে এম ফাহিম মাশরুর, তামজিদ সিদ্দিক, এ কে সাব্বির মাহবুব, সৈয়দ আলমাস কবির ও মুজতবা সাত্তার। অপর প্যানেল দি অ্যাকশন টিমের নেতৃত্ব দিচ্ছেন এম এ মুবিন খান।এ প্যানেলটি বেসিস সচিবালয়ের উন্নয়ন, হেল্প ডেস্ক তৈরি, এক বছরের মধ্যে মহাখালীতে আইটি পার্ক তৈরি, স্থানীয় বাজার উন্নয়নের কাজ করবে সভায় অঙ্গীকার করে।এ দলের সদস্যরা হলেন এস কবির আহমেদ, শোয়েব চৌধুরী, সাফকাত হায়দার, নাজনীন কামাল, সাইদুল ইসলাম মজুমদার, তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ আবু রেজা ও আরিফ আহমেদ চৌধুরী। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজগর হোসেন। পরিচিতি সভা পরিচালনা করেন বেসিস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এস এম কামাল। সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল মামুন ও নাজিম ফারহান চৌধুরী। —নুরুন্নবী চৌধুরী