বেসিসের আউটসোর্সিং পুরস্কার ২০১৫ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পঞ্চমবারের মতো ‘বেসিস আউটসোর্সিং পুরস্কার’ দিতে যাচ্ছে। আউটসোর্সিং খাতে জড়িত প্রতিষ্ঠান, ব্যক্তি ও জেলাভিত্তিক বিভাগে ১০০ পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীতে বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে আউটসোর্সিং পুরস্কার ২০১৫-এর আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীশ জানান ২০১১ সাল থেকে বেসিস আউটসোর্সিং খাতে যুক্ত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) উৎসাহ দিতে এবং তরুদের আগ্রহী করতে এ পুরস্কার দিয়ে আসছে।
বেসিসের সভাপতি শামীম আহসান সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশকে পর্যায়ক্রমে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। আর এ জন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তিকে বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি। আর এ ব্যাপারে বেসিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজকেরা জানান আউটসোর্সিং সারা দেশে ছড়িয়ে দিতে ৬৪টি জেলা থেকে সেরা ৬৪ জন ফ্রিল্যান্সারকে পুরস্কার দেওয়া হবে। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, এসইও ও অনলাইন বিপণন, ওয়েব ডিজাইন, গ্রাফিকস ডিজাইন, অনলাইন ব্লগ এবং মোবাইল অ্যাপ্লিকেশন বিষয়ে ১৮ জনকে ব্যক্তিগত এবং তিনজনকে নারী বিভাগে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ১৫টি কোম্পানিকেও দেওয়া হবে এ পুরস্কার। কয়েকটি ধাপে নিবিড় পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ, কর্মসংস্থান ও তাদের সামাজিক ভূমিকাকে প্রাধান্য দেওয়া হবে।
পুরস্কারের জন্য নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ জুনের মধ্যে WWW.OUTSOURCINGAWARD.BASIS.ORG.BD ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। বিস্তারিত: ০১৭৬৬-৮৮১১১১। বিজ্ঞপ্তি।