বেসিসের আয়োজনে আউটসোর্সিং সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইন্টারনেটের সহজলভ্যতা ও অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত না হলেও বাংলাদেশ বিশ্বের অনলাইন আউটসোর্সিংয়ের বাজারে এরই মধ্যে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। দেশের অধিকাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করে। তাদের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আগ্রহ বেড়েছে। এই আশা-জাগানিয়া দিকগুলোতে গুরুত্ব দিলে আউটসোর্সিং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় খাত হতে পারে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আউটসোর্সিং সম্মেলন ২০১২-এ বক্তারা এসব কথা বলেন। আমন্ত্রিত মুক্ত পেশাজীবী ও প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।এই সম্মেলনে দেশি-বিদেশি মোট ১২ জন আউটসোর্সিং বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন। অতিথিরা হলেন: নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সিবিআই) উপব্যবস্থাপনা পরিচালক ডিক ডিম্যান, এশিয়ান-ওশেনিয়ান অ্যাসোসিয়েশনস অব কম্পিউটিং অর্গানাইজেশনের সভাপতি আবদুল্লাহ এইচ কাফি, অস্ট্রেলিয়ার বিপিও অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন কনবয়, ওডেস্ক ডট কমের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশনস ম্যাট কুপার, যুক্তরাজ্যের কাবিট আর্টিস্টের ভারপ্রাপ্ত সভাপতি ও ট্রাস্টি রিচার্ড সাইকেস, ডেনমার্কের ট্রেলিস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কেটি গোভ, যুক্তরাষ্ট্রের এটি কেয়ারনির পরামর্শক ব্যবস্থাপক জোহান গট ও গ্রামীণফোন আইটির (জিপিআইটি) প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসী। সম্মেলনের বিষয়ে বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘আউটসোর্সিংয়ে আমরা যেমন ভালো করছি, তেমনি এ খাতে কিছু চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে। সম্মেলনের মাধ্যমে দেশ ও দেশের বাইরের বিশেষজ্ঞদের নিয়ে এ চিত্র খোঁজার চেষ্টা করা হয়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের পথও পাওয়া গেছে সম্মেলনে।’ তিনি আরও জানান, ২০১৩ সালের নভেম্বর মাসে তৃতীয়বারের মতো আউটসোর্সিং সম্মেলন আবারও আয়োজন করা হবে।—জিয়াউর রহমান চৌধুরী