বেসিসের গঠনতন্ত্রে সংশোধনী আনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধন করে কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা দশে উত্তীর্ণ করা হয়েছে ও কমিটির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এজিএমে সংগঠনটির মহাসচিব উত্তম কুমার পাল ২০১৪ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ২০১৩-১৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।
এজিএমের আগে ইজিএম অনুষ্ঠিত হয়। বেসিসের সচিবালয়কে আরও গতিশীল, কার্যকর, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এই সভায় বেসিসের গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী অনুমোদন করা হয়। এসব সংশোধনীর মধ্যে রয়েছে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ বাড়ানো এবং প্রতিবছর তিনটি পরিচালক পদে নির্বাচন, নির্বাহী পরিচালককে (ইডি) কার্যনির্বাহী কমিটির সদস্য করা ও আর্থিক ক্ষমতা দেওয়া, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ, সহসভাপতির একটি পদ বাড়ানো ও পরিচালক পদে তিনজনের পরিবর্তে পাঁচজন করা ইত্যাদি।
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘এসব সংশোধনীর মাধ্যমে বেসিস তার “ওয়ান বাংলাদেশ” ও সরকারের “ডিজিটাল বাংলাদেশ” কর্মসূচি বাস্তবায়নে আরও দ্রুত কাজ করতে পারবে বলে আমরা আশা করছি।’
এজিএমে বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের ব্র্যান্ডিংয়ের জন্য মোবাইল অ্যাপ ও গেমস হতে পারে পরিচিতির একটি বড় নির্দেশক। আরেক সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, সরকার ঢাকার বাইরে আইটি পার্ক তৈরির উদ্যোগ নিচ্ছে অথচ ৯৫ শতাংশ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ঢাকায় থাকা সত্ত্বেও রাজধানীতে কোনো সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে ওঠেনি।