বেসিসের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১০-১২ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ঢাকার বেসিস কার্যালয়ে নতুন এই কমিটি নির্বাচিত হয়।ডেটাসফট সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামানকে সভাপতি এবং স্পেকট্রাম কনসোর্টিয়াম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেমকে মহাসচিব করে নয় সদস্যের কমিটি করা হয়েছে। বেসিসের নতুন সভাপতি মাহবুব জামান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন এই কমিটি সব রকম সহযোগিতা করবে। বেসিসের সব সদস্য এবং বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে সব সংগঠনের সঙ্গে রেখে আমরা কাজ করতে চাই।’এর আগে গত শনিবার ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটির নয় সদস্য নির্বাচিত হন।গতকাল তাঁদের মধ্যে পদবণ্টন করা হয়। বেসিসের নতুন কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সহসভাপতি ফারহানা এ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ সিদ্দিক, কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবির এবং পরিচালক এস কবির আহম্মেদ, এ কে সাব্বির মাহবুব ও মুজতবা সাত্তার। আগামী ২২ মে নতুন কমিটি দায়িত্ব বুঝে নেবে। —তারিকুর রহমান খান