বেসিসের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০১২-১৪ মেয়াদের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, শিগগির ঢাকায় ২৪ হাজার সরকারি প্রতিষ্ঠানে ই-সার্ভিস চালু হবে। এ ছাড়া খুব শিগগির দেশব্যাপী ই-সার্ভিস চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এ জন্য তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বিসিএস, বেসিস ও আইএসপিএবির সহায়তা চান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসিফ ইব্রাহিমসহ অনেকে।অনুষ্ঠানে বেসিসের বিদায়ী সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে বক্তব্য দেন বেসিসের সাবেক মহাসচিব ফোরকান বিন কাশেম, নবনির্বাচিত সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে পুরোনো কমিটির সদস্য, নির্বাচন কমিশনার স্বদেশ রঞ্জন সাহাসহ কমিশন সদস্য আতিক-ই-রাব্বানী, বীরেন অধিকারী, আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, সদস্য কামরুল ইসলাম ও মো. সবুর খানকে সম্মাননা জানানো হয়। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, সহসভাপতি সৈয়দ আলমাস কবীর, যুগ্ম মহাসচিব এম রশীদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক নাভিদ-উল-হক, শাহ ইমরাউল কায়ীশ ও এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ। —নুরুন্নবী চৌধুরী