বেসিসের নতুন সভাপতি মোস্তাফা জব্বার
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তিন বছর মেয়াদি কমিটি গতকাল সোমবার গঠিত হয়েছে। শনিবার বেসিসের নির্বাচনে বিজয়ী নয়জন পরিচালকের মধ্যে গতকাল পদবণ্টন করা হয়।
রাজধানীর বেসিস কার্যালয়ে পদবণ্টনের নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার আতিক-ই-রব্বানী। নতুন কমিটির সভাপতি হলেন মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটার্স)। জ্যেষ্ঠ সহসভাপতি ও দুজন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ (টিম ক্রিয়েটিভ) এবং এম রাশিদুল হাসান (সিসটেক ডিজিটাল) ও ফারহানা এ রহমান (ইউওয়াই সিস্টেমস)। নির্বাচিত বাকি পাঁচ পরিচালক হলেন উত্তম কুমার পাল (বেস্ট বিজনেস বন্ড লিমিটেড), মোস্তাফিজুর রহমান (অ্যাডভান্সড ইআরপি বিডি), সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ), সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ) ও রিয়াদ এস এ হুসেইন (ম্যাগনিটো ডিজিটাল)।
মোস্তাফা জব্বার বেসিসের প্রথম নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মোস্তাফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি আমরা দেশের সফটওয়্যার ও সেবা খাতের পক্ষে। এই দেশের বাজার আমাদের দখলে রাখতে চাই। দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান কাজ হবে এটি বাস্তবায়ন করা। বিদেশিদের হাত থেকে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতকে বাঁচাতে পারলেই আমাদের এই খাতের উন্নয়ন হবে।’
রাহিতুল ইসলাম