বেসিসের নতুন সভাপতি শামীম আহসান

দুই বছরের মেয়াদপূর্তির প্রায় ১০ মাস আগে পুনর্গঠিত হলো কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটি। এই পুনর্গঠনের ফলে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান। কমিটির সদস্যদের মধ্যে আরও কয়েকটি পদে পরিবর্তন এসেছে।
বুধবার বেসিসের নির্বাহী কমিটির সভায় সভাপতি এ কে এম ফাহিম মাশরুর ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে সবার সম্মতিতে এই পুনর্গঠন-প্রক্রিয়া সম্পন্ন হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বেসিস। একই দিনে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন শামীম আহসান। এর আগে তিনি এ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।
পুনর্গঠিত পদগুলোর মধ্যে এখন থেকে জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, সহসভাপতি উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ফাহিম মাশরুর। মহাসচিব রাসেল টি আহমেদসহ কমিটির অন্য সদস্যরা আগের পদেই রয়েছেন।
পারিবারিক প্রয়োজনে টানা কয়েক মাস দেশের বাইরে থাকতে হবে—এ কারণে পদত্যাগ করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন ফাহিম মাশরুর। সভাপতির দায়িত্ব নেওয়ার পর শামীম আহসান প্রথম আলোকে বলেন, দেশের জিডিপির ১ শতাংশ যেন তথ্যপ্রযুক্তি খাত থেকে আসে, বেসিস সে চেষ্টা করে যাবে। এছাড়াও দেশের অর্ধেক মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চায় বেসিস। ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রচারণা চালিয়ে যেতে পাঁচ বছর মেয়াদি কার্যক্রম ঘোষণা করবেন বলেও তিনি জানান। বেসিসের বর্তমান কমিটির মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হবে। —নিজস্ব প্রতিবেদক